পলিথিন খেয়ে সাম্বারের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিপন্ন প্রজাতির একটি সাম্বার হরিণ গত রোববার চট্টগ্রাম চিড়িয়াখানায় মারা গেছে। ময়নাতদন্তের পর চিকিৎসকেরা জানিয়েছেন, পলিথিন খাওয়ার কারণে হরিণটির মৃত্যু হয়েছে। পাঁচ বছর বয়সী হরিণটির পেট থেকে বেশ কিছু পলিথিনের টুকরা বের করা হয়েছে।

দর্শনার্থীদের দেওয়া খাবার-দাবারের সঙ্গে পলিথিন খেয়েই হরিণটির মৃত্যু হয়েছে বলে চিড়িয়াখানা কর্তৃপক্ষ অভিযোগ করেছে। অথচ সাম্বার হরিণের খাঁচার পাশে সাইনবোর্ডে দর্শনার্থীদের উদ্দেশে হরিণকে পলিথিন না খাওয়ানোর কথা উল্লেখ আছে। দর্শনার্থীরা সেই নির্দেশ মানছে না। বিষয়টি চিড়িয়াখানার কর্মকর্তা-কর্মচারীদেরও দৃষ্টি এড়িয়ে যাচ্ছে।

মৃত হরিণটির মা লাইলি ও বাবা কাজল বেঁচে আছে। মৃত হরিণটি ছিল এই দম্পতির প্রথম সন্তান। এরপর আরও দুটি সন্তান জন্ম দিলেও এর কোনোটিই বেঁচে নেই। বড় হওয়ার আগেই ওই দুটি মারা যায়। একই বাবা-মায়ের সন্তানের মধ্যে ব্রিডিংয়ের কারণে বাচ্চাগুলো বাঁচানো যাচ্ছে না বলে চিকিৎসকেরা জানিয়েছেন। একমাত্র প্রথম বাচ্চাটি বেঁচেছিল। তা-ও রোববার মারা গেল অন্য কারণে।

চিড়িয়াখানার চিকিৎসক শাহদাত হোসেন প্রথম আলোকে বলেন, ‘রোববার ভোরে দেখা যায়, সাম্বার হরিণটি মরে পড়ে আছে। পরে ময়নাতদন্ত করে পেট থেকে পলিথিন বের করা হয়। পলিথিন জমতে জমতে একসময় হরিণটি হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যায়।’ চিড়িয়াখানার উপ-কিউরেটর মো. মনজুর মোর্শেদ ও শাহদাত হোসেন হরিণটির ময়নাতদন্ত করেন।

শাহদাত হোসেন বলেন, ‘দর্শনার্থীরা পলিথিন খাওয়ায়। চিড়িয়াখানায় চিপস কিংবা পানির বোতল নিয়ে ঢোকা নিষেধ। তারা পলিথিন খাওয়ায় আমাদের অগোচরে। হরিণের হয়তো পলিথিন চিবোতে ভালো লাগে। আমাদের লোকবল কম হওয়ায় পলিথিন দেওয়ার বিষয়টি দৃষ্টি এড়িয়ে যায়।’

প্রাণিবিদদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাংলাদেশের হরিণ প্রজাতির মধ্যে সাম্বার এখন বিপন্নপ্রায়। একসময় চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে প্রচুর দেখা যেত। এখন তা আর চোখে পড়ে না। প্রতিটি সাম্বার উচ্চতায় সাড়ে তিন থেকে পাঁচ ফুট পর্যন্ত হয়। গড় ওজন ১০০ থেকে ৩৫০ কেজি। চিড়িয়াখানায় বাঁচে সর্বোচ্চ ২৮ বছর। এই প্রজাতির গর্ভধারণকাল আট মাস।