পলিথিনের কারখানা সিলগালা, জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার লালবাগ এলাকায় আজ মঙ্গলবার পলিথিনের দুটি কারখানায় অভিযান চালিয়ে ছয় শ্রমিককে ৫০ হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে করাখানা দুটিকে সিলগালা করে দেওয়া হয়েছে। এর মধ্যে একটি কারখানা থেকে প্রায় ১২ মণ পলিথিন জব্দ করা হয়েছে।

ঢাকা জেলা প্রশাসকের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম এ অভিযান পরিচালনা করেন। এ সময় সঙ্গে ছিলেন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) পরিদর্শক সুরাইয়া পারভিন।

জেলা প্রশাসন সূত্র জানায়, আজ দুপুর সাড়ে ১২টার দিকে লালবাগের ইসলামবাগে জমজম প্যাকেজিং নামে পলিথিনের একটি কারখানায় অভিযান চালান আদালত। এ সময় মনির হোসেন, সাইফুল ইসলাম ও রবিন আহমেদ নামের তিন জন শ্রমিককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
বেলা একটার দিকে একই এলাকায় আনিস প্যাকেজিং নামের পলিথিনের আরেকটি কারখানায় অভিযান চালিয়ে সাগর হালদার, লোকমান হোসেন ও ইমন রহমান নামের আরও তিন শ্রমিককে ৫০ হাজার টাকা করে জরিমানা করেন আদালত। এ সময় এই কারখানা থেকে প্রায় ১২ মণ পলিথিন জব্দ করা হয়।
এ ছাড়া পচা, বাসি ও অপরিষ্কার থাকায় বেলা দুইটার দিকে লক্ষ্মীবাজার এলাকায় পিজালক্ষ্মী নামে একটি খাবারের দোকানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন একই আদালত।
এ বিষয়ে মমতাজ বেগম সাংবাদিকদের বলেন, পলিথিনের কারখানা দুটির মালিককে নিয়মিত মামলার অধীনে আনা হবে। এ ছাড়া কারখানা দুটিকে সিলগালা করা হয়েছে। তিনি আরও জানান, কর্মস্থলে যাকে পাওয়া গেছে তাকেই জরিমানা করা হয়েছে। সন্ধ্যায় শ্রমিকেরা জেলা প্রশাসক কার্যালয়ে এসে জরিমানা পরিশোধ করেন।