পল্টন-চামেলীবাগ মাদকের অভয়ারণ্য
‘লাগব নাকি’—রাজধানীর শান্তিনগর কাঁচাবাজারের উত্তর দিকটায় পথের ধারে দাঁড়িয়ে চাপা গলায় পথচারীদের দৃষ্টি আকর্ষণ করছিলেন তিনি। বয়স বড়জোর ২০ বছর। বাজার করতে আসা বেশির ভাগ লোক ভাবছিলেন কী বিক্রি করছেন তিনি? হাতে তো কিছু নেই।
পরে এগিয়ে যেতেই উৎফুল্লভাবে তিনি বলছেন, ‘কী লাগব, পুরিয়া না অন্য কিছু? যা চান সবডাই আছে।’ খানিক দূরে দেখা গেল তঁারই মতো আরও কয়েক তরুণ। তাঁরা বিভিন্ন মাদকদ্রব্য বিক্রি করছেন।
একই দৃশ্য নয়াপল্টনের পলওয়েল মার্কেটের পূর্ব পাশের গলিপথ, জাকিয়া কমপ্লেক্সের গলি, শান্তিনগর, চামেলীবাগের অলিগলি, নয়াপল্টন ও পুরানা পল্টন এলাকায়। এসব এলাকায় মাদক বিক্রি ও সেবন অনেক বেড়েছে। গাজী ভবন শপিং কমপ্লেক্স, জোনাকী সিনেমা, ইস্টার্ন প্লাসসহ বিপণিবিতানগুলোর সামনে, কালভার্ট রোড, পুরানা পল্টন লাইন পুল পাড়—সর্বত্র মাদক বিক্রেতারা ছড়িয়ে আছে। আবাসিক এলাকায় মাদকের বিস্তার স্থানীয় অভিভাবকদের শান্তি নষ্ট করছে। গতকাল সোমবার এলাকা ঘুরে এ অবস্থার কথা জানা যায়।
পলওয়েল মার্কেটের কয়েকজন ব্যবসায়ী বলেন, বিকেল থেকেই শুরু হয় মাদকদ্রব্য বিক্রি। সন্ধ্যায় বিষয়টা হয়ে যায় অবাধ। গাঁজা, ফেনসিডিল, হেরোইন, ইয়াবা—সবই পাওয়া যায়। পুরো এলাকায় বিক্রেতাদের নেটওয়ার্ক। চামেলীবাগের ভাসানী রোড, শান্তিনগর যমুনা ব্যাংকের গলি, টুইন টাওয়ারের গলির কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করে বলেন, এসব এলাকা এখন প্রকৃত অর্থেই মাদকদ্রব্যের অভয়ারণ্যে পরিণত হয়েছে। হাত বাড়ালেই মাদক। অনেকে জড়িয়ে পড়ছে আসক্তিতে। ছেলেরা কোচিং করার নাম করে রাত করে বাসায় ফেরে। পরে জানতে পারেন তারা মাদক সেবন করে দেরিতে আসে। মেয়েরাও জড়িয়ে গেছে। চামেলীবাগের অসহায় এক অভিভাবক তাঁর ছেলের বিষেয় বলতে গিয়ে কেঁদে ফেলেন। ঘরের জিনিসপত্র, এমনকি মায়ের গয়নাও চুরি করে সে মাদক সেবন করে। এলাকাটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের। ২০১৪ সালে সিটি করপোরেশন নির্বাচনের আগে ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মোস্তবা জামান এক সাক্ষাৎকারে প্রথম আলোকে বলেছিলেন, নির্বাচিত হলে তাঁর প্রথম কাজ হবে মাদক-সন্ত্রাস প্রতিরোধ করা। গতকাল কাউন্সিলর মোস্তবা বলেন, ‘মাদক সন্ত্রাস না বাড়লেও কমেনি। প্রতিশ্রুতি রাখার চেষ্টা করছি। পল্টন থানার ওসিকে (ভারপ্রাপ্ত কর্মকর্তা) কয়েক দিন আগেও বলেছি, মাদকের বিরুদ্ধে তাঁদের আরও কঠিন হওয়া উচিত।’
কাউন্সিলর আরও বলেন, মালিবাগ, শান্তিবাগ, শাজাহানপুরসহ বিভিন্ন এলাকার বহিরাগতরা এসে এই এলাকায় মাদক ব্যবসা করে। এলাকায় মহল্লাভিত্তিক ফটক দেওয়া হচ্ছে, কিছু সিসিটিভি ক্যামেরাও বসানো হয়েছে। পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ‘চামেলীবাগে মাদকের বড় আখড়া রয়েছে। আমরা নিয়ন্ত্রণের চেষ্টা করছি। তবে এটা বন্ধে সবার সহযোগিতা জরুরি।’