পল্টনে স্বেচ্ছাসেবক দলের সাতজন গ্রেপ্তার: পুলিশ
রাজধানীর পল্টন থেকে স্বেচ্ছাসেবক দলের সাতজনকে গ্রেপ্তারের দাবি করেছে পুলিশ।
এঁরা হলেন মো. রাশেদ, জাহাঙ্গীর, সাদমান, সৈকত করিম, মুস্তাফিজ, নাসিম ও আনিকুর রহমান।
আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে এই সাতজনকে গ্রেপ্তার করে পল্টন থানা-পুলিশ।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতার মামলায় অভিযোগপত্র দেওয়ার প্রতিবাদে আজ দুপুর সাড়ে ১২টার দিকে নয়াপল্টনে স্বেচ্ছাসেবক দল একটি মিছিল বের করে। মিছিলটি কাকরাইলের নাইটিঙ্গেল মোড়ের দিকে গেলে পুলিশ সদস্যরা সাতজনকে ধরে পল্টন থানায় নিয়ে যায়।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদ আলম প্রথম আলোকে বলেন, মিছিলটি কেন বের করা হয়েছিল তা জানা যায়নি। তবে কিছুদিন আগে বিএনপির সঙ্গে আসল বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছিল। ওই মামলায় সাতজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।