পল্লবীতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পল্লবীতে নিজ বাসা থেকে গতকাল শুক্রবার তানিয়া আক্তার (২২) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, শ্বশুরবাড়ির লোকজন তাঁকে হত্যা করে লাশ ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রেখেছে।
এ ছাড়া ওসমানী উদ্যান এবং ভাটারা থেকে গতকাল অজ্ঞাতনামা দুই নারীর লাশ উদ্ধার করা হয়েছে। তিনটি লাশই ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পল্লবী থানার এসআই ফারুক উজ জামান সাংবাদিকদের জানান, খবর পেয়ে সকাল সাড়ে নয়টার দিকে উত্তর কালশীর টেকের বাড়ির একটি বাসা থেকে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তানিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। তাঁর স্বামী রতন মিজি বাহরাইনপ্রবাসী। ওই বাসায় তানিয়ার শ্বশুর-শাশুড়ি, দুই দেবর ও এক ননদ থাকেন। শ্বশুর-শাশুড়ি পুলিশকে জানিয়েছেন, গত বৃহস্পতিবার রাতে তানিয়া নিজ কক্ষে ঘুমাতে যান। গতকাল সকালে অনেক ডাকাডাকি করেও তাঁর সাড়া মেলেনি। দরজা ভেতর থেকে বন্ধ ছিল। জানালা ভেঙে তাঁরা দেখেন, তানিয়া ফ্যানের সঙ্গে ঝুলে আছেন। পরে পুলিশকে খবর দেন তাঁরা। তাঁদের মনে হচ্ছে, এই মৃত্যু আত্মহত্যাজনিত।
তবে তানিয়ার চাচা জহির উদ্দিন বলেন, তানিয়ারও বাহরাইন যাওয়ার প্রক্রিয়া প্রায় সম্পন্ন। কিন্তু তাঁর শ্বশুর-শাশুড়ি তা চাচ্ছিলেন না। এ কারণে শ্বশুর-শাশুড়ি তাঁকে হত্যা করে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রেখেছেন। লাশ ময়নাতদন্ত শেষে দাফনের জন্য চাঁদপুরের মতলবে নিয়ে যাওয়া হয়েছে। দাফন শেষে ঢাকায় ফিরে তাঁরা এ ব্যাপারে থানায় অভিযোগ করবেন।
এদিকে সকাল পৌনে ১০টার দিকে ওসমানী উদ্যানের পুকুর থেকে অজ্ঞাতনামা এক নারীর (২৫) অর্ধগলিত লাশ উদ্ধার করে শাহবাগ থানার পুলিশ। শাহবাগ থানার এসআই আনারুল ইসলাম বলেন, ওই তরুণীর পরনে সালোয়ার-কামিজ রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।
ভাটারা থানা এলাকার কুড়িল উড়ালসড়কসংলগ্ন ট্রাকস্ট্যান্ড থেকে সকাল নয়টার দিকে অজ্ঞাতনামা এক নারীর (৪৮) লাশ উদ্ধার করা হয়। ভাটারা থানার ওসি সরোয়ার হোসেন বলেন, ওই নারীর পরনে থাকা নীল শাড়ির আঁচলে চাবির গোঁছা পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই নারী হেঁটে যাওয়ার সময় হঠাৎ অজ্ঞান হয়ে যান। তাঁর পরিচয় জানার চেষ্টা চলছে।