পল্লবীতে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার ৬
রাজধানীর মিরপুরের পল্লবী এলাকা থেকে চাঁদাবাজির অভিযোগে গত সোমবার রাতে ছয়জনকে গ্রেপ্তার করেছে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব)।
গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে র্যা ব-৪-এর অধিনায়ক লুৎফুল কবীর বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন সেন্টু মিয়া (২৪), মিলন সুমন (২৪), ইয়ামিন সরকার (২৭), বাবু আহম্মেদ (৩৬), মাসুদ রানা (২৭) ও এস এম সোলায়মান কাদের (২৩)। এঁদের মধ্যে মিলন, ইয়ামিন, বাবু ও সোলায়মান মিরপুরের ওষুধ ব্যবসায়ী জাহিদুল ইসলাম হত্যা মামলার আসামি।
র্যা ব-৪-এর কার্যালয়ে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে লুৎফুল কবীর আরও বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা সন্ত্রাসী ‘শাহাদত বাহিনী’র নামে বেশ কিছুদিন ধরে মিরপুর-১১ নম্বর কাঁচাবাজারে মেসার্স লক্ষ্মীপুর বাণিজ্যালয় নামে একটি দোকানে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। গত ২২ আগস্ট সন্ধ্যায় তাঁরা দোকানটির মালিক দুই ভাই রফিকুল ইসলাম ও ইসমাইল হোসেনের কাছ থেকে ৫০ হাজার টাকা চাঁদা আদায় করেন। এ সময় তাঁরা এক সপ্তাহের মধ্যে ১০ লাখ টাকা চাঁদা দেওয়ার জন্য সময় বেঁধে দেন। চাঁদা না দিলে তাঁদের হত্যার হুমকি দেওয়া হয়।
ঘটনার কয়েক দিন পর লক্ষ্মীপুর বাণিজ্যালয়ের দুই মালিক র্যা বের কাছে অভিযোগ দেন। পরে অভিযুক্ত ব্যক্তিদের ওপর তথ্যপ্রযুক্তির মাধ্যমে নজরদারির করা হচ্ছিল বলে জানান লুৎফুল কবীর। তিনি বলেন, সোমবার রাত নয়টার দিকে ওই ছয়জন সশস্ত্র অবস্থায় আবারও মেসার্স লক্ষ্মীপুর বাণিজ্যালয়ে এসে চাঁদা দাবি করেন। এ সময় র্যা ব-৪-এর একটি দল তাঁদের গ্রেপ্তার করে। তবে তাঁদের সঙ্গে থাকা আগ্নেয়াস্ত্র বহনকারী মামুন ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে ছয়জনকে পল্লবী থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় মামলা হয়েছে।