পল্লবীতে জোড়া খুনের ঘটনায় মামলা
রাজধানীর পল্লবীতে জোড়া খুনের ঘটনায় আজ বৃহস্পতিবার মামলা নিয়েছে পুলিশ। এতে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করা হয়েছে।
দুপুর সোয়া ১২টার দিকে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ জিয়াউজ্জামান প্রথম আলোকে বলেন, মামলা নম্বর ৩২। সকাল সাড়ে ১০টার সময় মামলাটি করা হয়।
এর আগে বেলা ১১টা ৪০ মিনিটে যোগাযোগ করা হলে ওসি জিয়াউজ্জামান প্রথম আলোকে বলেন, মামলা গ্রহণের প্রক্রিয়া চলছে।
সকাল সাড়ে ১০টার দিকে একই কথা বলেন পুলিশের পল্লবী জোনের সহকারী কমিশনার কামাল হোসেন।
গতকাল বুধবার বেলা দেড়টার দিকে পল্লবীতে বাসায় ঢুকে ঢাকা বিদ্যুৎ সরবরাহ কোম্পানির (ডেসকো) এক উপসহকারী প্রকৌশলীর স্ত্রী ও মামাকে কুপিয়ে এবং ছুরিকাঘাতে হত্যা করে দুর্বৃত্তরা। দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ওই প্রকৌশলীর পাঁচ বছর বয়সী একমাত্র ছেলে জখম হয়েছে।
নিহত দুজন হলেন ডেসকোর উপসহকারী প্রকৌশলী জাহিদুল ইসলামের স্ত্রী সুইটি আক্তার (২৫) ও মামা আমিনুল ইসলাম (৪০)। প্রকৌশলীর ছেলে সাদকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বাড়ির নিরাপত্তাকর্মী আবদুল খালেক এবং আশরাফুল আলম চিশতী ওরফে শাহীন নামের এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়।
আজ বেলা ১১টার দিকে প্রকৌশলী জাহিদুল প্রথম আলোর কাছে অভিযোগ করেন, ‘ঘটনাটি ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। গতকাল রাতে পল্লবী থানায় লিখিত অভিযোগ দিয়েছি। কিন্তু অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে কি না, তা এখন পর্যন্ত জানি না। শুনেছি, আমার শ্যালককে মামলার বাদী হওয়ার জন্য চাপ দিচ্ছে পুলিশ।’
এ ব্যাপারে জানতে আজ বেলা ১১টা ৪০ মিনিটে মুঠোফোনে যোগাযোগ করা হলে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ জিয়াউজ্জামান প্রথম আলোকে বলেন, মামলার প্রক্রিয়া চলছে। জাহিদুলের অভিযোগ অনুযায়ী অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে মামলাটি হবে।
জাহিদুলের শ্যালককে মামলার বাদী হতে পুলিশের পক্ষ থেকে চাপ দেওয়ার অভিযোগ প্রসঙ্গে পল্লবী থানার ওসি দাবি করেন, জাহিদুল গতকাল অসুস্থ ছিলেন। তাই তাঁর শ্যালককে দিয়ে মামলাটি করানোর কথা পরিবারকে বলেছিলাম।
তবে বেলা সোয়া ১২টার দিকে পল্লবী থানার ওসি জিয়াউজ্জামান প্রথম আলোকে বলেন, সকাল সাড়ে ১০টার সময় মামলাটি হয়েছে। মামলার বাদী জাহিদুল। তাঁর অভিযোগ অনুসারে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে চাঁদাবাজি ও ব্যবসায়িক দ্বন্দ্ব থেকে পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ডের অভিযোগ আনা হয়েছে।
জাহিদুল জানান, শীর্ষ সন্ত্রাসী বিকাশ ও প্রকাশের সেকেন্ড-ইন-কমান্ড পরিচয়ে মুন্না নামের এক ব্যক্তি গত মার্চে তাঁর কাছে চাঁদা দাবি করেছিল। তা না দেওয়ায় সে স্ত্রী-সন্তানকে মেরে ফেলার হুমকি দিয়েছিল।
পল্লবী থানার পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে জানা গেছে, গতকাল বেলা দেড়টার দিকে একটি মোটরসাইকেলে দুই যুবক এসে আত্মীয় পরিচয়ে পল্লবীর ২০ নম্বর সড়কের সাততলা একটি বাড়িতে ঢোকে। তারা লিফটে করে ছয়তলায় জাহিদুলের বাসায় ঢুকে তাঁর স্ত্রী ও মামাকে কোপায় এবং ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই তাঁরা মারা যান। আমিনুলের শরীরের বিভিন্ন জায়গায় রক্তাক্ত জখম আছে। সুইটির শরীরে একটি আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, সুইটিকে শ্বাসরোধও করা হতে পারে । এ সময় একটি চোট সাদের বাঁ চোখের ওপরের দিকে লেগেছে। এরপর সাদ বাথরুমে ঢুকে পড়ে। ঘটনাস্থল থেকে দুটি ছুরি ও একটি বঁটি উদ্ধার করা হয়েছে। ফ্ল্যাটটি জাহিদুলদের কেনা।
খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে দুজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার নিশারুল আরিফ সাংবাদিকদের জানান, ঘটনার নেপথ্যে ব্যবসায়িক দ্বন্দ্ব ও চাঁদাবাজির কথা শোনা যাচ্ছে। সব কটি বিষয় খতিয়ে দেখা হচ্ছে।