পল্লবীতে বাসায় ঢুকে দুজনকে খুন

রাজধানীর পল্লবীর একটি বাসায় ঢুকে আজ বুধবার দুপুরে দুজনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত দুজনের পরিবারের সদস্যদের দাবি, চাঁদা না দেওয়ায় এ হত্যার ঘটনা ঘটেছে। তবে ব্যবসায়িক দ্বন্দ্বে এই হত্যার ঘটনা ঘটতে পারে বলে পুলিশের প্রাথমিক ধারণা।
নিহত দুজন হলেন ওই বাসার গৃহকর্ত্রী সুইটি আক্তার (২৪) ও তাঁর মামাশ্বশুর আমিনুল ইসলাম (৪৬)।
পল্লবীর ২০ নম্বর রোডের ৯ নম্বর বাড়ির ষষ্ঠ তলার একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে। ওই বাসার গৃহকর্তা জাহিদুল ইসলাম রূপনগরে ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানি লিমিটেডের (ডেসকো) উপসহকারী প্রকৌশলী। নিহত সুইটি ইন্ডিপেনডেন্ট পাওয়ার নামের বৈদ্যুতিক সরঞ্জাম সরবরাহকারী একটি প্রতিষ্ঠানের চেয়ারম্যান ছিলেন।
পুলিশের পল্লবী জোনের সহকারী কমিশনার কামাল হোসেন হত্যাকাণ্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তাঁর ভাষ্য, আজ বেলা দেড়টার দিকে মোটরসাইকেলে করে দুই যুবক পল্লবীর ওই বাড়িতে যান। ভবনের নিচে দারোয়ানের কাছে আত্মীয় পরিচয় দিয়ে তারা ভেতরে ঢোকেন। দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে আমিনুল ইসলাম ও সুইটি আক্তারকে আঘাত করে মৃত্যু নিশ্চিতের পর পালিয়ে যায়। সুইটি-জাহিদুল দম্পতির পাঁচ বছরের ছেলে সাদ ভয়ে বাথরুমে লুকিয়ে পড়ে। জাহিদুল দুপুরে বাসায় এসে মামা ও স্ত্রীর মরদেহ পড়ে থাকতে দেখেন।
ইন্ডিপেনডেন্ট পাওয়ারের কর্মী আফতাব আহমেদ বলেন, বাসার মাস্টার বেডে আমিনুলকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আরেকটি ঘরে সুইটির লাশ পড়ে ছিল। তাঁর শরীরের ওপরের অংশে ছুরি দিয়ে আঘাতের চিহ্ন আছে। শিশু সাদ বাথরুমে লুকিয়ে পড়ে। তবে দুর্বৃত্তদের ছুরির আঘাত লাগে শিশুটির বাম চোখের ওপর। স্থানীয় একটি হাসপাতালে বাচ্চাটিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ওই ভবনের ফ্ল্যাট মালিক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, জাহিদুল ইসলামের ঠিক নিচের ফ্ল্যাটে তিনি পরিবারসহ থাকেন। দুপুর দুইটার দিকে চিৎকার শুনে ফ্ল্যাটের বাইরে এসে শুনতে পান জাহিদুলের বাসায় খুনের ঘটনা ঘটেছে। এর আগে কোনো ধরনের হট্টগোলের শব্দ পাননি বলে তিনি দাবি করেন। তিনি জানান, জাহিদুলের পরিবার এক বছর আগে নিজস্ব ওই ফ্ল্যাটে ওঠে। চাকরির পাশাপাশি জাহিদুল ব্যবসা করতেন বলে তিনি শুনেছেন। ব্যবসার কাজে লোকজন এই বাসায় লোকজনের আসা-যাওয়া ছিল বলে তিনি জানান।

জাহিদুলের মামা মজনু মিয়া এবং নিহত আমিনুলের চাচা আসিফ সালাম দাবি করেন, কিছু দিন আগে মোবাইল ফোনে জাহিদুলের কাছে চাঁদা চাওয়া হয়েছিল। তখন তাঁরা জাহিদুলকে সাধারণ ডায়েরি (জিডি) করতে বলেছিলেন।
রাতে জাহিদুল ইসলাম দাবি করেন, মার্চের শেষ দিকে মুন্না নামের একজন প্রকাশ-বিকাশের সহযোগী পরিচয় দিয়ে রাত ১১টার দিকে তাঁর মোবাইল ফোনে কল করে। তারা ফোনটি জিসান নামের একজনকে ধরিয়ে দেন। জিসান তখন বলেন, তাদের হাজার দেড়েক কর্মী হয়রানির শিকার হয়ে কারাগারে আছে। তাদের মুক্ত করতে এক কোটি ৮০ লাখ টাকা লাগবে। কিছু টাকার ঘাটতি আছে। তখন জিসান তাঁর কাছে তিন লাখ টাকা চান। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে হুমকিও দেন ওই ব্যক্তি। এ ব্যাপারে তিনি পল্লবী থানায় জিডি করেন।
ব্যবসায়িক দ্বন্দ্বে এ হত্যাকাণ্ড কি না—এমন প্রশ্নের জবাবে জাহিদুল বলেন, তাঁদের তিনজনের ব্যবসা। এর মধ্যে তাঁর স্ত্রী সুইটি প্রতিষ্ঠানের চেয়ারম্যান। আশরাফুল আলম চিশতী (শাহিন) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও তিনি নিজে পরিচালক। ব্যবসা আলাদা করা নিয়ে গতকাল তাঁরা তাঁর এই বাসাতেই বৈঠক করেন। একপর্যায়ে তাঁর স্ত্রী উত্তেজিত হলে তিনি তা সামাল দেন।
পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার নিসারুল আরিফ সাংবাদিকদের বলেন, ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। ঘটনাস্থল থেকে দুটি ছুরি পাওয়া গেছে। এ ছাড়া হত্যাকাণ্ডে বঁটি ব্যবহার করা হয়েছে।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই বাড়ির নিরাপত্তাকর্মী আবদুল খালেক এবং ব্যবসায়িক অংশীদার আশরাফুল আলম চিশতী ওরফে শাহিনকে আটক করেছে পুলিশ। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহের কাজ করছে।
রাত আটটার দিকে লাশ দুটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।