পল্লবীতে বিস্ফোরকসহ ১৭ জন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পল্লবী এলাকা থেকে বিস্ফোরকদ্রব্যসহ ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাত ১১টার দিকে বিশেষ অভিযান চালিয়ে এঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, তাঁরা জামায়াতের ইসলামীর সঙ্গে জড়িত।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. আবদুল্লাহ আল মাহমুদ, আবদুল মতিন গাজী, রাকিবুল ইসলাম, আবদুর রহমান, লোকমান হোসাইন, আমানুল্লাহ ওরফে মহিবুল্লাহ, তারেক আজিজ, মাহমুদুল আল ফাহাদ, মাসুম বিল্লাহ, ফখরুদ্দীন নিজামী, আবদুর রহমান, শেখ মো. শামীম, সরফুদ্দিন, মফিজুল ইসলাম, জসিম উদ্দিন, জাহেদুল আলম নাদিম ও আল নাহিয়ান।

তাঁদের কাছ থেকে ১১টি ককটেল, ১৬টি পেট্রল-জাতীয় তরল পদার্থভর্তি বোতল, বিভিন্ন ধরনের জিহাদি বই, একটি ল্যাপটপ ও তিন লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে আবদুল্লাহ আল মাহমুদ, মতিন, রাকিবুল, আবদুর রহমান ও লোকমান গতকাল রাতে বাউনিয়া বাঁধ এলাকায় একটি ব্যক্তিগত গাড়িতে চড়ে আসেন। পুলিশের কাছে খবর ছিল, তাঁরা ওই এলাকায় নাশকতার জন্য জড়ো হয়েছিলেন। তাঁদের কাছ থেকে তথ্য নিয়ে পরে পল্লবীর ডিওএইচএস এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে অন্যদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ১৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে জানিয়ে ওসি দাদন ফকির বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জামায়াতে ইসলামীর সক্রিয় সদস্য বলে স্বীকার করেছেন। তবে তাঁদের দলীয় পদ সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। উদ্ধার হওয়া ল্যাপটপে দলীয় কর্মকাণ্ডের তথ্য রয়েছে। এ ঘটনায় পল্লবী থানায় নাশকতা ও বিস্ফোরক আইনে দুটি মামলা হয়েছে। গতকাল সোমবার জিজ্ঞাসাবাদের জন্য তাঁদের দুই দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।