পল্লবীতে ভাঙারি ব্যবসায়ী গুলিবিদ্ধ
পল্লবীর কালসিতে রাজন মিয়া নামের এক ভাঙারি ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। তিনি এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
রাজন মিয়ার স্ত্রী ডলি বেগম প্রথম আলোকে বলেন, তাঁরা কালসি স্কুলের পেছনে আলাউদ্দিন মাতব্বরের বাড়ির দোতলায় ভাড়া থাকেন। ভোর সাড়ে ৬টার দিকে তিন-চারজন দুর্বৃত্ত দরজার কড়া নাড়ে। দরজা খুলতেই দুর্বৃত্তরা গুলি ছুড়ে পালিয়ে যায়। একটি গুলি রাজনের গলার ডান পাশে বিদ্ধ হয়। প্রথমে তাঁকে স্থানীয় একটি হাসপাতালে ও পরে সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
রাজন মিয়ার গুলিবিদ্ধ হওয়ার পরপরই মিরপুর জোনের অতিরিক্ত উপকমিশনার মো. কামাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি প্রথম আলোকে বলেন, কারা ঘরে ঢুকে রাজন মিয়াকে গুলি করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। যতদূর জানা গেছে, রাজন মিয়া ২০১৫ সালে অস্ত্রসহ গ্রেপ্তার হন। তা ছাড়া গত মাসে তিনি মাদকসহ গ্রেপ্তার হয়েছিলেন। সপ্তাহখানেক আগে তিনি মুক্তি পান।
পুলিশের একটি সূত্র বলেছে, রাজন মিয়া স্থানীয় একটি সন্ত্রাসী দলের সদস্য। অন্তর্দ্বন্দ্বের কারণে তিনি গুলিবিদ্ধ হয়ে থাকতে পারেন। মাদক কেনাবেচা নিয়ে বিরোধের জেরেও এমন ঘটনা ঘটে থাকতে পারে।
রাজন মিয়া অবশ্য এ ঘটনা কারা ঘটিয়েছে সে সম্পর্কে কিছু বলতে পারেননি। তিনি কাউকে সন্দেহ করেন না বলেও জানান পল্লবী থানার উপপরিদর্শক প্রবীর রঞ্জন ধর। তিনি হাসপাতালে রাজনের সঙ্গে কথা বলেছেন।