পল্লবীতে ভারতীয় মুদ্রাসহ একজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পল্লবীর কালশী থেকে ১ কোটি ২৮ লাখ রুপির ভারতীয় মুদ্রাসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম আজহারুল ইসলাম। মঙ্গলবার রাতে কালশীর একটি ২২ তলা গার্মেন্টস ভবনের সামনে স্থাপিত পুলিশ চৌকিতে একটি সিএনজি অটোরিকশা তল্লাশীকালে পুলিশ এসব মুদ্রা জব্দ করে।
পল্লবী থানার ওসি দাদন ফকির প্রথম আলোকে বলেন, আজহারুল পাকিস্তানের করাচি থেকে দুবাই হয়ে ঢাকায় আসেন মঙ্গলবার রাতে। রাত সাড়ে ১০টার দিকে তাঁকে বহনকারী অটোরিকশাটি তল্লাশি চৌকিতে থামায় পুলিশ। এ সময় যাত্রী আজহারুলের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ভারতীয় রুপি পাওয়া যায়। জব্দ করা ভারতীয় মুদ্রা জাল নাকি আসল, তা নিশ্চিত হতে পরীক্ষার জন্য বাংলাদেশ ব্যাংক ও সিআইডিতে পাঠানো হবে বলে জানান ওসি।
ওসি দাদন ফকির আরও বলেন, মুদ্রা জব্দের পর আজহারুল প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন যে তিনি এসব মুদ্রার বাহক মাত্র। প্রকৃত মালিক কে তা তাঁর জানা নেই। ওসি জানান, আজহারুলের জন্ম বাংলাদেশে হলেও তিনি পড়াশোনা করেছেন পাকিস্তানে। প্রায়ই পাকিস্তানে যাতায়াত করতেন তিনি। এ ক্ষেত্রে তিনি বাংলাদেশের পাসপোর্টই ব্যবহার করতেন।
এ ঘটনায় পল্লবী থানায় একটি মামলা করা হয়েছে। আজহারুলকে আজ বৃহস্পতিবার আদালতে উপস্থাপন করে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হবে বলে পুলিশ জানিয়েছে।