পল্লবীতে মাদ্রাসাশিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পল্লবী এলাকার একটি মাদ্রাসায় নয় বছর বয়সী এক শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে। শিশুটির নাম হাফিজুর রহমান। আজ সোমবার সকাল সাড়ে নয়টার দিকে মিরপুর ১১ নম্বর সেকশনে পল্লবীর ৫ নম্বর রোডের ৫ নম্বর বাড়ির তৃতীয় তলায় মারকাজুল তারতিলিন কোরআন নামের মাদ্রাসার অধ্যক্ষ মো. জুনায়েদ বিন ইসহাকের কক্ষ থেকে হাফিজুরের লাশ উদ্ধার করেন পল্লবী থানার পুলিশ। 

হাফিজুরের বাবা দুলাল খানের অভিযোগ, তাঁর ছেলের মাথায় আঘাত করে মাদ্রাসার অধ্যক্ষ জুনায়েদ হত্যা করেছেন।
দুলাল খান প্রথম আলোকে বলেন, তাঁর চার মেয়ে, এক ছেলের মধ্যে হাফিজুর তৃতীয়। ২২ দিন আগে হাফিজুরকে মাদ্রাসায় ভর্তি করানো হয়। থাকা-খাওয়াসহ বেতন প্রায় তিন হাজার টাকা। গত বুধবার সকালে নাশতা কিনে নিয়ে ছেলের সঙ্গে দেখা করতে যান দুলাল। এ সময় হাফিজুর তাঁর বাবার কাছে জুনায়েদের বিরুদ্ধে মারধরের কথা জানায় এবং হাঁটুর ওপরে রক্ত জমাটের চিহ্ন দেখায়। ফেরার সময় দুলালকে জড়িয়ে কান্নাকাটি করে মাদ্রাসা থেকে নিয়ে যাওয়ার অনুরোধ করে হাফিজুর।
দুলাল খান বলেন, ছেলের মৃত্যুর খবর মাদ্রাসা কর্তৃপক্ষ তাঁকে জানায়নি। অন্যদের কাছ থেকে শুনে মাদ্রাসায় আসেন তিনি। সেখানে এসে দেখেন পুলিশ হাফিজুরের লাশ উদ্ধার করছে। যতটা জানা গেছে দুষ্টুমি করার জন্য গতকাল রাতে মাথায় আঘাত করে ছেলেটিকে হত্যা করা হয়।
মাদ্রাসার অধ্যক্ষ জুনায়েদ বিন ইসহাকের কক্ষের মেঝেতে হাফিজুরের লাশ রাখা ছিল বলে জানান পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির। তিনি প্রথম আলোকে বলেন, মাদ্রাসা কর্তৃপক্ষ জানিয়েছে শৌচাগারের দরজার সঙ্গে গামছা দিয়ে ফাঁস দিয়ে হাফিজুর আত্মহত্যা করেছে। তবে শিশুটির শরীরে আত্মহত্যার চিহ্নও পুরোপুরি পাওয়া যাচ্ছে না, আবার হত্যার চিহ্নও নেই। তবে শিশুটির মাথার ডান পাশে আঘাতের চিহ্ন ছিল। পুরো বিষয়টি রহস্যজনক। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ সম্পর্কে জানা যাবে। মাদ্রাসার অধ্যক্ষ মো. জুনায়েদ বিন ইসহাককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।