পল্লবীতে স্বামী খুন, স্ত্রী আটক
রাজধানীর পল্লবীতে আটকে পড়া পাকিস্তানিদের মিল্লাত ক্যাম্পে সিরাজুল ইসলাম (৪৫) নামের এক চা-দোকানদারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার ভোরে ঘুমন্ত অবস্থায় তাঁকে হত্যা করা হয় বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় পুলিশ নিহত সিরাজুলের স্ত্রী সাবিনা ইয়াসমিনকে আটক করেছে। লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।
পল্লবী থানার ভারপ্রাপ্ত ওসি দাদন ফকির প্রথম আলোকে বলেন, আটক সাবিনা ইয়াসমিন পুলিশকে বলেছেন, গতকাল ভোররাত সাড়ে তিনটার দিকে তিনি বাথরুমে যান। তখন তাঁর স্বামী সিরাজুল ঘুমিয়ে ছিলেন। ৩০ মিনিট পর বাথরুম থেকে ঘরে এসে দেখেন, তাঁর স্বামীর রক্তাক্ত লাশ ঘরের মেঝেতে পড়ে আছে। এরপরই তিনি পুলিশকে খবর দেন। ওসি বলেন, সাবিনার কথায় কিছু ফাঁক রয়েছে। তাই তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পুলিশ জানায়, নিহত সিরাজুল একজন চা-দোকানদার। এর পাশাপাশি তিনি বেনারসি শাড়ি তৈরির কাজও করেন।