পল্লি চিকিৎসক হত্যার অভিযোগে এক কিশোরসহ আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় পল্লি চিকিৎসক আনোয়ার উল্লাহকে হত্যার অভিযোগে এক কিশোর ও এক তরুণকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে শাহরাস্তির বানিয়াচো এলাকা থেকে ওই দুজনকে আটক করা হয়।

আজ মঙ্গলবার দুপুরে চাঁদপুরের আদালতে আটক দুজনের ১৬৪ ধারায় জবানবন্দি নিয়ে কিশোরটিকে (১৪) কিশোর সংশোধনাগারে এবং আসিফ মিয়াজী (১৮) নামের তরুণকে জেলহাজতে পাঠানো হয়।

শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর হোসেন মামুন জানান, গত ২৬ জানুয়ারি আসিফ মিয়াজী ও ওই কিশোর জুয়া খেলায় হেরে যাওয়া ৭ হাজার ২০০ টাকা সংগ্রহ করতে নিহত পল্লি চিকিৎসকের বাসায় চুরি করতে যায়। চুরির একপর্যায়ে তারা চিকিৎসকের গলা কেটে হত্যা করে ফেলে যায়। ঘটনার পরদিন ওই চিকিৎসকের ছোট ছেলে মোশারফ হোসেন বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে শাহরাস্তি থানায় একটি হত্যা মামলা করেন। পরে পুলিশ মুঠোফোন ট্র্যাকিং করে ওই দুজনকে আটক করে।
ওসি জানান, আটক দুজন আজ মঙ্গলবার পুলিশ ও ম্যাজিস্ট্রেটের কাছে ১৬৪ ধারায় জবানবন্দিতে হত্যার কথা স্বীকার করে।