পল্লি চিকিৎসক হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার উত্তর জগদীশপুর গ্রামের পল্লি চিকিৎসক তোফায়েল আহমেদ ওরফে রুবেল হত্যার ঘটনায় আওয়ামী লীগ নেতাসহ আটজনের বিরুদ্ধে মামলা হয়েছে। গত বুধবার তোফায়েলের মা মীনা আক্তার মোহনগঞ্জ থানায় মামলাটি করেন। এর মধ্যে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার রাত নয়টার দিকে একদল দুর্বৃত্ত লাঠি, চাপাতি ও রামদা নিয়ে তোফায়েল আহমেদের (৩৫) ওপর হামলা চালায়। পরে তাঁর চিৎকার শুনে স্থানীয় লোকজন সেখানে এলে দুর্বৃত্তরা চলে যায়। উদ্ধার করে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর তিনি রাত একটার দিকে মারা যান।
এ ঘটনায় তাঁর মা বড়তলী বানিয়াহারী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুখলেছুর রহমানসহ আটজনের বিরুদ্ধে মোহনগঞ্জ থানায় হত্যা মামলা করেন। এ বিষয়ে কথা বলার জন্য মুখলেছুর রহমানের মুঠোফোনে একাধিকার ফোন করলেও সেটি বন্ধ পাওয়া যায়।
মোহনগঞ্জ থানার ওসি মো. রমিজুল হক প্রথম আলোকে বলেন, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাসেল মিয়া (২৭) নামের এক ব্যক্তিকে বুধবার সকালে নগর বাজারের সামনের সড়ক থেকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।