পল্লি চিকিৎসককে গুলি করে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় গুলি করে এক পল্লি চিকিৎসককে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তাঁদের ছুরিকাঘাতে সুজন মিয়া (২৫) নামের এক তরুণ গুরুতর জখম হন। গত মঙ্গলবার মনোহরপুর এলাকায় ওই ঘটনা ঘটে।
নিহত চিকিৎসকের নাম মাহবুবুর রহমান (৪০)। তিনি সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের বাসিন্দা। আহত সুজন একই উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের বালুয়া গ্রামের বাসিন্দা।
পলাশবাড়ী থানা-পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বিকেলে পল্লি চিকিৎসক মাহবুবুর রহমান ও সুজন মিয়া মোটরসাইকেলে করে বাড়ি থেকে গোবিন্দগঞ্জ উপজেলার নাকাইহাট যাচ্ছিলেন। পথে মনোহরপুর ঈদগাহ মাঠসংলগ্ন এলাকায় পৌঁছালে তিনটি মোটরসাইকেলে করে ছয়জন সশস্ত্র যুবক তাঁদের পথরোধ করে। এরপর তারা মাহবুবুরের মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। আর মোটরসাইকেলের পেছনে থাকা সুজনকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়।
গুলির শব্দ শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা অস্ত্র উঁচিয়ে ভয়ভীতি দেখায়। পরে তারা ফাঁকা গুলি ছুড়তে ছুড়তে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত সুজনকে প্রথমে গাইবান্ধা সদর হাসপাতাল ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ ওই দিন সন্ধ্যায় নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
ওই দিন রাতেই নিহতের ছেলে মামুন মিয়া বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে পলাশবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবর রহমান বলেন, নিহতের পরিবার জমিজমা নিয়ে শত্রুতার জের ধরে হত্যার কথা বলছে, কিন্তু এর পেছনে অন্য কারণ আছে কি না তা তদন্ত করে দেখা হচ্ছে। তবে প্রাথমিক তদন্তে ঘটনার সঙ্গে জড়িত কয়েকজনের নাম পাওয়া গেছে। তদন্তের স্বার্থে তাদের নাম বলা যাচ্ছে না।