পল্লি চিকিৎসককে পিটিয়ে হত্যা গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর আত্রাইয়ে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে পল্লি চিকিৎসক রেজাউন্নবীকে (৫৫) পিটিয়ে হত্যা করা হয়েছে। গত শনিবার দুপুরে উপজেলার পৈঁসাওতা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।
আত্রাই থানার পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, ওই গ্রামের পল্লি চিকিৎসক রেজাউন্নবীর সঙ্গে প্রতিবেশী সালেকুলের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শনিবার দুপুরে প্রতিপক্ষের লোকজন রেজাউন্নবীকে লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন। দ্রুত স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহত ব্যক্তির মেয়ে রোজি বেগম বাদী হয়ে পাঁচজনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) আবদুল লতিফ খান জানান, এ ঘটনায় আসামি সালেকুল ইসলামকে (৬০) গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।