কুষ্টিয়ার কুমারখালীতে চিকিৎসা নিতে গিয়ে ধর্ষণের শিকার গৃহবধূ নাছিমা খাতুনের আত্মহত্যার ঘটনায় পল্লিচিকিৎসক ও সালিসকারীদের বিচারের দাবিতে গতকাল শুক্রবার মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে।
শহরের বাসস্ট্যান্ড এলাকায় সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ মহিলা পরিষদের উদ্যোগে ওই কর্মসূচি পালিত হয়। এতে পরিষদের কুমারখালী শাখার সভাপতি মমতাজ বেগমের সভাপতিত্বে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক রওশন আরা, কেন্দ্রীয় সদস্য হোসনে আরা, কুমারখালী নাগরিক পরিষদের সভাপতি আকরাম হোসেন প্রমুখ।
৩ আগস্ট নাছিমা খাতুন চিকিৎসা নিতে গিয়ে হাসিমপুর বাজারের পল্লিচিকিৎসক রফিকুজ্জামানের কাছে ধর্ষণের শিকার হন। নাছিমার স্বামী শাজাহান শেখ জানান, ঘটনার পর জগন্নাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কলেজশিক্ষক আবদুল হান্নানের নেতৃত্বে সালিস বৈঠকে রফিকুজ্জামানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। তবে নাছিমা সালিস মানতে রাজি হননি। এ সময় তাঁকে মারধর করে সালিসনামায় সই নেওয়া হয়। ওই দিন রাতেই নাছিমা আত্মহত্যা করেন।