পল্লী উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আয়শা নূরীর বিরুদ্ধে প্রকল্পের অর্থ আত্মসাৎ ও অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। তবে ওই কর্মকর্তা এসব অভিযোগ অস্বীকার করেছেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত ২৬ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত হাতীবান্ধা উপজেলা পরিষদ মিলনায়তনে অপ্রধান শস্য উৎপাদন ও বিপণনবিষয়ক প্রশিক্ষণ কর্মশালা হয়। প্রশিক্ষণ কর্মশালার সমন্বয়কারী ছিলেন আয়শা নূরী। এ কর্মশালায় ৪০ জন কৃষকের অংশ নেওয়ার কথা থাকলেও মাত্র ২৮ জন অংশ নিয়েছেন। কিন্তু আয়শা নূরী সবাইকে বিলসহ অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়ার কথা বলে অর্থ আত্মসাৎ করেছেন। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত ছয় কৃষক ৫ মার্চ অপ্রধান শস্য উৎপাদন কর্মসূচি (দ্বিতীয় পর্যায়) প্রকল্প পরিচালকের কাছে ডাকযোগে লিখিত অভিযোগ পাঠিয়েছেন।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, হাতীবান্ধা উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রশিক্ষণ গ্রহণকারীদের আপ্যায়ন (নাশতা) বাবদ জনপ্রতি এক দিনের বরাদ্দ অর্থ ৪০ টাকার স্থলে মাত্র ১৫ টাকা করে দিয়েছেন। প্রত্যেক প্রশিক্ষণার্থীর পাঁচ দিনের ভাতা ৭৫০ টাকার স্থলে কাউকে ৩০০ আবার কাউকে ২০০ টাকা করে দিয়েছেন। প্রশিক্ষণ চলাকালীন কী কী উপকরণ বরাদ্দ আছে, তা জানতে চাইলে এটা দাপ্তরিক ব্যাপার বলে তিনি এড়িয়ে যান। তিনি যাচাই-বাছাই না করে প্রশিক্ষণার্থীদের ঢালাওভাবে অকৃষক বলে তাঁদের ঋণ দেওয়া যাবে না বলে জানিয়ে দিয়েছেন।
অভিযোগকারী হাতীবান্ধার পশ্চিম নওদাবস অপ্রধান শস্য উৎপাদন কৃষক দলের ব্যবস্থাপক মোকছেদুল হক বলেন, ‘আয়শা নূরী প্রশিক্ষণার্থীদের পাঁচ দিনের ভাতা বাবদ একটি করে খাম আমাদের হাতে ধরিয়ে দেন। পরে খাম খুলে সবাই দেখতে পায়, সেখানে ৭৫০ টাকার পরিবর্তে কারও খামে ৩০০, কারও খামে ২০০ করে টাকা রয়েছে। যাঁরা প্রশিক্ষণ নেননি, তাঁদের বিলের টাকাও আত্মসাৎ করা হয়েছে।’
হাতীবান্ধা পল্লী উন্নয়ন কর্মকর্তা আয়শা নূরী বলেন, ‘গত ৫ জানুয়ারি ওই প্রকল্পের কাজ শুরু করি। এখানে যোগদানের দুই বছর আগে ২০১২ সালে গঠিত কৃষক দলের সদস্যদের নামের কোনো তালিকা বা তথ্য অফিসে পাইনি, আমি তাঁদের ঠিকভাবে চিনিও না। আমি তাদের দেখে কাদের জন্য এ প্রশিক্ষণ, কারা কত টাকা ঋণ পাবেন, কারা যোগ্য ইত্যাদি বলায় তাঁরা আমার ওপর ক্ষিপ্ত হন।’ তিনি বলেন, ‘যাঁরা যে কদিন প্রশিক্ষণ নিয়েছেন, তাঁদের সেই হারে ভাতার টাকা দিয়েছি। কোনো অনিয়ম-দুর্নীতি করিনি।’
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের লালমনিরহাট জেলার উপপরিচালক মো. এনামূল হক বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তিনি অভিযোগগুলো খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।