পল্লী বিদ্যুতের কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ১
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মগবাজার গ্রামে গত সোমবার পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে রিয়াজুল ইসলাম নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে টাকাসহ ২৮টি বিদ্যুৎ বিল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) সোনারগাঁও আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক গোলাম মোস্তফা সোনারগাঁ থানায় মামলা করেছেন।
এজাহারের বিবরণে জানা যায়, সোমবার উপজেলার সনমান্দি ইউনিয়নের মগবাজার গ্রামের বাবুল মিয়ার বাড়িতে গিয়ে রিয়াজুল পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা বলে পরিচয় দেন। তিনি অক্টোবর ও নভেম্বর মাসের বিদ্যুৎ বিল ২ হাজার ২৭ টাকা আদায় করেন। বিষয়টি নিয়ে সন্দেহ হলে বাবুল মিয়া পবিসের বাংলাবাজার কেন্দ্রে ফোন করে খোঁজ নেন। সমিতির লোকজন ঘটনাস্থলে গিয়ে প্রতারণার প্রমাণ পান। পরে পুলিশ রাত ১১টার দিকে মোগরাপাড়া চৌরাস্তা এলাকা থেকে রিয়াজুলকে আটক করে।