পল্লী বিদ্যুতের কর্মকর্তাকে লাঞ্ছিতের ঘটনায় গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীতে পল্লী বিদ্যুৎ সমিতির বকেয়া বিদ্যুৎ বিলের টাকা আদায়ের কাজে বাধা, কর্মকর্তাকে লাঞ্ছিত ও চাঁদা দাবির অভিযোগে দায়ের করা মামলায় নূর আমিন সরকার (২২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাতে সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের পশ্চিম কুচিয়ার মোড় গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতির প্রশাসনিক কর্মকর্তা তরফদার এনামুল কবীর বলেন, গত মঙ্গলবার দুপুরে সহকারী জেনারেল ম্যানেজার (প্রশাসন) মো. আবু হাসানের নেতৃত্বে বকেয়া বিদ্যুৎ বিল আদায়ের জন্য পাঁচ সদস্যের একটি দল পশ্চিম কুচিয়ার মোড় গ্রামে যায়। এ সময় ওই গ্রামের নূরন্নবী সরকার (২৫) ও দুখু মিয়ার (২৪) নেতৃত্বে ছয় থেকে সাতজনের একদল যুবক এসে কাজে বাধার সৃষ্টি ও চাঁদা দাবি করেন। কর্তব্যরত ব্যক্তিরা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে হামলা চালিয়ে তাঁদের শারীরিকভাবে লাঞ্ছিত করেন তাঁরা। এ ঘটনায় মো. আবু হাসান আহত হন। পুলিশের সহযোগিতায় তাঁকে উদ্ধার করে নীলফামারী সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর ওই রাতে আমি (এনামুল কবীর) বাদী হয়ে ছয়জনকে আসামি করে সদর থানায় একটি মামলা দায়ের করি।’
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আকতার বলেন, ‘পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তাকে লাঞ্ছিত, কাজে বাধা ও চাঁদা দাবির মামলায় নূর আমিন সরকার নামের একজনকে গত বুধবার রাতে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে। গতকাল তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।