পল্লী বিদ্যুতের কার্যালয়ে সংঘর্ষ, আহত ২
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় পল্লী বিদ্যুতের আঞ্চলিক কার্যালয়ে গতকাল মঙ্গলবার দুপুরে দুই পক্ষের সংঘর্ষে দুজন আহত হয়েছেন। আহত ব্যক্তিরা হলেন ইকবাল (৪৫) ও রাসেল (৩৫)।
ইকবাল বলেন, তাঁর শ্যালিকা চার মাস আগে পল্লী বিদ্যুতের একটি বিদ্যুতের মিটার নেওয়ার জন্য দালাল রাসেলকে তিন হাজার টাকা দেন। তবে চার মাসে কোনো কাজ না হওয়ায় গতকাল দুপুরে তাঁর শ্যালিকা বিদ্যুৎ কার্যালয়ে গিয়ে রাসেলকে বকাঝকা করেন। এ সময় দুজনের মধ্যে কথা-কাটাকাটিও হয়। একপর্যায়ে তাঁর (ইকবাল) ও রাসেলের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে উভয়েই আহত হন। রাসেল রক্তাক্ত জখম হন। পরে তাঁর শ্যালিকা ও তাঁকে জিম্মি করে পল্লী বিদ্যুতের ডিজিএমের কক্ষে আটক রাখেন দালালেরা। সংবাদ পেয়ে পুলিশ এসে তাঁদের উদ্ধার করে।
বন্দর পল্লী বিদ্যুৎ আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম আশরাফুল আলম খান বলেন, রাসেল তাঁদের কোনো স্টাফ নন। আর যারা দালালদের মাধ্যমে বিদ্যুতের মিটার পাওয়ার জন্য টাকা দিচ্ছে, তারা ভুল করছে। এতে পল্লী বিদ্যুতের কোনো দায় নেই। অবশ্য বিষয়টি স্থানীয় কাউন্সিলর হান্নান সরকার মীমাংসা করে দিয়েছেন।