পল্লী বিদ্যুতের খুঁটির জন্য টাকা আদায়ের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুঁটি বসানোর খরচের কথা বলে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের সাতটি গ্রামে পল্লী বিদ্যুতের সংযোগ নিতে আগ্রহী ব্যক্তিদের কাছ থেকে টাকা আদায় করা হচ্ছে। বিদ্যুতের লাইন সম্প্রসারণের কাজ পাওয়া ঠিকাদারের প্রতিনিধি পরিচয় দিয়ে স্থানীয় কয়েকজন ব্যক্তি ওই টাকা আদায় করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, উপজেলার ধনপুর ইউনিয়নের সুরেশনগর, মেরুয়াখলা, রাজানগর, দুধপুর, গোলগাঁও, মহাখোরা এবং মুজিবনগর গ্রামে পল্লী বিদ্যুতের সংযোগ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ১৪ কিলোমিটার লাইন সম্প্রসারণের জন্য পল্লী বিদ্যুতের সিলেট কার্যালয় থেকে সম্প্রতি ঠিকাদার নিয়োগ দেওয়া হয়। এরপর স্থানীয় কয়েকজন লোক নিজেদের ঠিকাদারের প্রতিনিধি হিসেবে পরিচয় দিয়ে বিদ্যুতের সংযোগ নিতে আগ্রহী ব্যক্তিদের কাছ থেকে টাকা আদায় করছেন।
ধনপুর বাজারের ব্যবসায়ী রকিব উদ্দিন বলেন, তাঁরা সুনামগঞ্জ-৪ আসনের (সদর ও বিশ্বম্ভরপুর) সাংসদ পীর ফজলুর রহমান মিসবাহকে ঘটনাটি জানিয়েছেন। পরে সাংসদের পক্ষ থেকে প্রতিটি গ্রামে মাইকিং করে লোকজনকে টাকা না দেওয়ার জন্য বলতে পরামর্শ দেন। সে অনুযায়ী মাইকিংও করা হয়েছে। গত মঙ্গলবার বিকেলে এলাকাবাসী সভা করে আর কোনো টাকা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
গোলগাঁও গ্রামের শাহেদ আলী বলেন, ‘আমাদের বলা হয়েছে, টাকা না দিলে বিদ্যুতের লাইন দেওয়া হবে না। গ্রামে খুঁটি আসবে না। তাই আমি ৬০০ টাকা দিয়েছি।’ সুরেশনগর গ্রামের তোফাজ্জল হোসেন বলেন, স্থানীয় কয়েকজন লোক প্রচার করছেন, এ এলাকায় খুঁটি আনতে অনেক টাকা খরচ হবে। ঠিাকাদার এ টাকা খরচ করে খুঁটি বসাতে পারবে না বলে তাঁদের জানিয়েছেন। এখন পাঁচ থেকে ছয় লাখ টাকা তুলে দিলে তবে ঠিকাদার কাজ শুরু করবেন।
সাংসদ বলেন, ‘আমি নিজেও খোঁজ নিয়ে দেখেছি, কিছু লোকের কাছ থেকে খুঁটি বসানোর খরচের কথা বলে টাকা নেওয়া হয়েছে। পরে আর কাউকে টাকা না দিতে মাইকিং করতে বলেছি। একই সঙ্গে বিষয়টি সুনামগঞ্জ পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজারকেও জানিয়েছি।’
সুনামগঞ্জ পল্লী বিদ্যুতের মহাব্যবস্থাপক (জিএম) সুহেল পারভেজ জানান, তিনিও এ রকম অভিযোগ পেয়েছেন। পরে তিনি স্থানীয় লোকজনকে এ ব্যাপারে কাউকে টাকা দিতে নিষেধ করেছেন।