টাকার বিনিময়ে সংযোগ দেওয়াসহ নানা অনিয়মের অভিযোগে দিনাজপুর পল্লী বিদ্যুতের একজন কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। অভিযোগ তদন্তে কমিটি গঠন করেছে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সদর দপ্তর।
ওই কর্মকর্তার নাম মো. আবুল কালাম আজাদ। তিনি দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর অধীন ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম)।
দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ কার্যালয় সূত্রে জানা যায়, সমিতির মহাব্যবস্থাপক মো. আবদুর রাজ্জাক পবিত্র হজ পালনের উদ্দেশে গত ৭ আগস্ট থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত ছুটিতে ছিলেন। ওই সময়ে ভারপ্রাপ্ত জিএমের দায়িত্বে ছিলেন ডিজিএম আজাদ। তিনি আসার পরপরই রানীগঞ্জে ৩৮টি, নবাবগঞ্জে ১২টি এবং সদর উপজেলায় নয়টি সেচ-সংযোগের আবেদন পড়ে। কর্মকর্তা আজাদ যথাযথ প্রক্রিয়া না মেনে ওই ৫৯টি সেচের সংযোগের বিষয়ে তড়িঘড়ি করে সমীক্ষা প্রতিবেদন তৈরি করেন এবং গ্রাহকদের টাকা জমা দেওয়ার নির্দেশ দেন। ওই আবেদনকারীদের কাছ থেকে তিনি ১-২ লাখ টাকা করে নেন বলে অভিযোগ ওঠে।
সমিতির তৎকালীন জিএম আবদুর রাজ্জাক ছুটি শেষে ফেরার পর ৫ অক্টোবর এ বিষয়ে লিখিতভাবে পল্লী বিদ্যুতায়ন বোর্ডকে জানান। পরে বোর্ডের উপপরিচালক (ডিডি-প্রশিক্ষণ) শাহ আলমকে বিষয়টি তদন্তের দায়িত্ব দেওয়া হয়। তিনি মঙ্গলবার সরেজমিনে তদন্ত করেছেন। শাহ আলম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, বিষয়টি তদন্তাধীন থাকায় এ মুহূর্তে তিনি কোনো মন্তব্য করতে পারবেন না।
এদিকে ঘোড়াঘাট উপজেলার চেংগ্রামের বাসিন্দা জাকিরুল ইসলাম এক মাস আগে পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ে লিখিত অভিযোগ দেন। এতে বলা হয়, ডিজিএম আজাদ তাঁদের গ্রামে ২১টি বাড়িতে বিদ্যুৎ-সংযোগ দেওয়ার কথা বলে তাঁর মাধ্যমে ১৫ হাজার করে টাকা আদায় করেন। এর মধ্যে ছয়টিতে সংযোগ দিয়েছেন। অন্যদের সংযোগ দেওয়ার আগেই তিনি বদলি হয়ে পার্বতীপুর চলে যান। জাকিরুল গত সোমবার পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে দেখা করে এ বিষয়ে লিখিত অভিযোগ দিয়েছেন।
ঘোড়াঘাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তৌহিদুল ইসলাম বলেন, তিনি নিজের একটি বিদ্যুৎ-সংযোগের জন্য ডিজিএম আবুল কালাম আজাদের দপ্তরে গিয়েছিলেন। তাঁকে ‘খুশি করতে’ ৩ হাজার টাকা দিয়েছিলেন। ডিজিএম আরও টাকা চাইলে তিনি ফিরে আসেন।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে মঙ্গলবার ও গতকাল কয়েকবার যোগাযোগের চেষ্টা করেও ডিজিএম আবুল কালাম আজাদের মুঠোফোন বন্ধ পাওয়া যায়। স্থানীয় সাংসদ এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো. শিবলী সাদিক বলেন, ডিজিএম আজাদের দুর্নীতির বিভিন্ন অভিযোগ পাওয়া গেছে। এ পরিস্থিতিতে তাঁকে ৫ অক্টোবর রানীগঞ্জ থেকে পার্বতীপুরে বদলি করা হয়।
৫ ডিসেম্বর ডিজিএম আজাদকে সমিতি থেকে প্রত্যাহার করা হয়।