পল্লী বিদ্যুতের ডিজিএমের ওপর হামলা
বিদ্যুতের খুঁটি বসাতে গিয়ে নারায়ণগঞ্জের আড়াইহাজারে পল্লী বিদ্যুতের আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. আসাদুজ্জামান হামলার শিকার হয়েছেন। এ ঘটনায় পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও পাঁচজনকে আসামি করে থানায় অভিযোগ দেওয়া হয়েছে।
আড়াইহাজার পল্লী বিদ্যুৎ কার্যালয় সূত্রে জানা গেছে, গত রোববার দুপুরে উপজেলার কৃষ্ণপুরা মসজিদের কাছে পল্লী বিদ্যুতের কাঠের খুঁটিতে আগুন লেগে পুড়ে যায়। পল্লী বিদ্যুতের আড়াইহাজার আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম আসাদুজ্জামান দ্রুত ঘটনাস্থলে গিয়ে বিদ্যুৎ সঞ্চালন বন্ধ করে পুড়ে যাওয়া খুঁটি অপসারণ করেন এবং নতুন পাকা খুঁটি লাগানোর উদ্যোগ নেন। এ সময় স্থানীয় হাফিজ তাঁর ছেলে দেলোয়ার, ভাগনে আলামিন, রাজুসহ ৮–১০ জনকে নিয়ে ওই স্থানে খুঁটি পুনঃস্থাপনে বাধা দেন। এ নিয়ে বাগ্বিতণ্ডার একপর্যায়ে ডিজিএম আসাদুজ্জামানকে মারধর করেন তাঁরা। ডিজিএমকে রক্ষা করতে গিয়ে আহত হন স্থানীয় ওয়ার্ড কমিশনার জাহাঙ্গীর আলমের ভাই শাজাহানও। পরে পল্লী বিদ্যুতের ঠিকাদারের লোকজনের সঙ্গেও তাঁদের সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের সাতজন আহত হন।
আড়াইহাজার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম বলেন, ‘আমার সামনে ডিজিএমের ওপর হামলা চালানো হয়েছে। তাঁকে রক্ষা করতে গেলে সন্ত্রাসীরা আমার ওপরও হামলার চেষ্টা চালায়।’
পল্লী বিদ্যুতের ডিজিএম আসাদুজ্জামান বলেন, হামলাকারীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দেওয়া হয়েছে। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন বলেন, হামলায় জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।