পল্লী বিদ্যুতের দুই ব্যক্তিকে পিটিয়ে ও কুপিয়ে জখম
পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির বাউফল জোনাল অফিসের দুই ব্যক্তিকে কুপিয়ে ও লোহার রড দিয়ে পিটিয়ে জখম করা হয়েছে। আহত অবস্থায় তাঁদের গত শুক্রবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত দুই ব্যক্তি হলেন পল্লী বিদ্যুৎ সরবরাহ লাইনের টেকনিশিয়ান ও উপজেলা সদরের গোসিংগা অভিযোগ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান (৪১) ও লাইনম্যান মো. রবিউল (৩৮)।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আযম খান ফারুকী বলেন, এ ঘটনায় ওই রাতেই দুজনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত পাঁচ-ছয়জনের নামে মামলা হয়েছে।
পল্লী বিদ্যুৎ সমিতির বাউফল কার্যালয় ও থানা-পুলিশ সূত্র জানায়, গত শুক্রবার বিকেল চারটার দিকে মনিরুজ্জামান ও রবিউল সাতজন শ্রমিক নিয়ে উপজেলার কনকদিয়া ইউনিয়নের ঝিলনা গ্রামে বিদ্যুৎ সরবরাহ লাইনের তারের পাশে ঝুঁকিপূর্ণ গাছের ডালপালা কাটার জন্য যান। ওই সময় স্থানীয় মো. রহমতউল্লাহ (২৮), আল-আমিন শিকদারসহ (৪৫) আরও পাঁচ-ছয়জন এতে বাধা দেন। এ নিয়ে উভয় পক্ষে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মো. রহমতউল্লাহ ও আলআমিন শিকদারের নেতৃত্বে তাঁদের ওপর হামলা চালানো হয়। ওই সময় কুপিয়ে ও লোহার রড দিয়ে পিটিয়ে মনিরুজ্জামান ও রবিউলকে জখম করা হয়। পরে তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
মনিরুজ্জামান বলেন, কুপিয়ে ও পিটিয়েই ওরা ক্ষান্ত হয়নি। তাঁর সঙ্গে থাকা ৫ হাজার ৫০০ টাকাও ছিনিয়ে নিয়ে গেছে।
রহমতউল্লাহ ও আলআমিন এ ঘটনার সঙ্গে জড়িত না বলে দাবি করেন। আর কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা-ও তাঁরা জানেন না বলে জানান।
পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির বাউফল জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক এ কে এম আজাদ বিষয়টিকে দুঃখজনক উল্লেখ করে বলেন, ‘বিদ্যুৎ সরবরাহ লাইন ঠিক রাখার জন্য যাঁরা দিন-রাত কাজ করছেন, তাঁদের ওপর হামলা চালানো হচ্ছে।’ তিনি এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।