পল্লী বিদ্যুতের ভুলে গ্রাহকদের কোটি টাকা ক্ষতির অভিযোগ
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পল্লী বিদ্যুতের মিস্ত্রিদের ভুলে শতাধিক বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানের টেলিভিশন, রেফ্রিজারেটর, কম্পিউটার ও এয়ারকন্ডিশনারসহ বিভিন্ন যন্ত্রাংশ পুড়ে নষ্ট হয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। গত সোমবার নওয়াপাড়া ইনস্টিটিউট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন গ্রাহকেরা। এ সময় ওই এলাকায় প্রায় পাঁচ ঘণ্টা বিদ্যুৎ-সংযোগ বন্ধ ছিল। এতে গ্রাহকেরা দুর্ভোগে পড়েন।
দুর্ঘটনা তদন্তে গতকাল যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর উপমহাব্যবস্থাপক (টেকনিক্যাল) সাদেকুর রহমানকে প্রধান করে তিন সদস্যের কমিটি করা হয়েছে। কমিটির অন্য দুজন সদস্য হলেন প্রকৌশলী রফিকুল আলম ও সহকারী প্রকৌশলী খায়রুল ইসলাম। আগামী তিন কার্যদিবসের মধ্যে তাঁদের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
পল্লী বিদ্যুতের নওয়াপাড়া আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক লিয়াকত আলী গোলদার বলেন, ‘কী কারণে এ সমস্যা হয়েছে তদন্ত না করে বলা যাবে না।’
যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর মহাব্যবস্থাপক সালাহ উদ্দিন বলেন, ‘হাই ভোল্টেজের কারণে এ ঘটনা ঘটেছে। তবে প্রাথমিকভাবে মনে হচ্ছে ঠিকাদারের লোকজনের ভুলে এটা ঘটে থাকতে পারে। তদন্ত প্রতিবেদন পেলে বিষয়টি স্পষ্ট হবে।’
পল্লী বিদ্যুৎ, স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ী সূত্র জানায়, নওয়াপাড়া ইনস্টিটিউট এলাকায় সোমবার সকাল আটটার দিকে পল্লী বিদ্যুতের লাইনের সংস্কারকাজ শুরু হয়। বিকেল পাঁচটার দিকে সংস্কারকাজ শেষ করে মিস্ত্রিরা ভুল করে লাইনে ২২০ ভোল্টের পরিবর্তে ৪৪০ ভোল্টের সংযোগ দেন। এরপর বিকট শব্দ হতে থাকে। এ সময় শতাধিক পরিবার ও ব্যবসাপ্রতিষ্ঠানের বিদ্যুৎ-সংযোগ চলে যায়। এ ঘটনার পর স্থানীয় ব্যক্তিরা মিস্ত্রিদের ওপর চড়াও হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। রাত সাড়ে নয়টার দিকে পল্লী বিদ্যুতের কর্মকর্তারা আবার বিদ্যুৎ-সংযোগ দিতে সক্ষম হন। এ ঘটনায় কী ক্ষতি হয়েছে, তাৎক্ষণিকভাবে তা গ্রাহকেরা বুঝতে পারেননি। বিদ্যুৎ আসার পর মিস্ত্রি এনে পরীক্ষা করে জানা যায়, দুর্ঘটনায় বৈদ্যুতিক তারসহ মোটর, চুলা, ফ্যান, লাইটসহ বিভিন্ন যন্ত্রাংশ পুড়ে গেছে।
নওয়াপাড়া ইনস্টিটিউট-সংলগ্ন যশোর-খুলনা মহাসড়কের পাশের ব্যবসাপ্রতিষ্ঠান ‘মুন ডিজিটাল স্টুডিও অ্যান্ড ভিডিও’-এর মালিক সুজন কুমার রায় বলেন, ‘আমার তিনটি প্রিন্টার নষ্ট হয়ে গেছে। এর মূল্য ৮৫ হাজার টাকা।’ স্থানীয় বাসিন্দা আনোয়ারুল ইসলাম বলেন, ‘আমার বাড়ির একটি এসি, দুটি ডিপ ফ্রিজ, দুটি টিভি, একটি ওভেনসহ লাইনের সব তার ও নয়টি টিউবলাইট নষ্ট হয়ে গেছে।’
নওয়াপাড়া ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক ফারুক হোসেন বলেন, ‘আমাদের প্রতিষ্ঠানের একটি কম্পিউটার, দুটি বৈদ্যুতিক মোটর ও দুটি ফ্যান পুড়ে গেছে। মিস্ত্রিদের ভুলে এ দুর্ঘটনা ঘটেছে।’