পল্লী বিদ্যুতের 'অসৎ' কর্মকর্তাদের অপসারণের দাবিতে মানববন্ধন
ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩-এর ধামরাই উপমহাব্যবস্থাপকের (ডিজিএম) কার্যালয়ের কয়েকজন ‘অসৎ’ কর্মকর্তার অপসারণের দাবিতে গতকাল মঙ্গলবার মানববন্ধন করা হয়েছে। ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের ধূলিভিটা এলাকায় বেলা ১১টার দিকে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে মুরগির খামারের মালিক-কর্মচারী ও ব্যবসায়ীসহ নানা শ্রেণি-পেশার কয়েক শ মানুষ অংশ নেন। তাঁদের মধ্যে ধামরাইয়ের কালামপুর বাজার বণিক সমিতির সভাপতি রবিউল করিম বলেন, ধামরাইয়ের পোলট্রি ফার্মসহ ছোট শিল্পকারখানা ও ব্যবসাপ্রতিষ্ঠানে প্রায়ই বিদ্যুতের অস্বাভাবিক বিল করা হয়। বিলের বিষয়ে ধামরাইয়ের ডিজিএম কার্যালয়ে যোগাযোগ করা হলে বিল কমানোর জন্য কিছু কর্মকর্তা ঘুষ দাবি করেন। তাঁরা স্বাভাবিকের চেয়ে কম বিল করে দেওয়ার বিনিময়ে মাসে দুই থেকে তিন হাজার টাকা দাবি করে থাকেন।
ধামরাইয়ের সোনারটেক এলাকার গাফ্ফার পোলট্রি ফার্মের মালিক গাফ্ফার মোল্লা বলেন, তিনি আট বছর আগে তাঁর খামারে বিদ্যুতের সংযোগ নেন। আর্থিক সংকটের কারণে গত নভেম্বর মাসের বিল সময়মতো পরিশোধ করতে ব্যর্থ হন। পরে তিনি জানুয়ারি মাস পর্যন্ত বিল পরিশোধ করেন। এরপরও গত ১৪ ডিসেম্বর কাগজে-কলমে তাঁর সংযোগ বিচ্ছিন্ন দেখানো হয়। গত ৫ মার্চ ডিজিএমের কার্যালয়ের কনিষ্ঠ প্রকৌশলী আদিল হোসেন ও হিসাবরক্ষক আবুল কালাম আজাদসহ কয়েকজন তাঁর খামারে গিয়ে সংযোগ বিচ্ছিন্ন করে দিতে চান। এ সময় তিনি কারণ জানতে চাইলে ওই দুই কর্মকর্তা তাঁদের সঙ্গে সমঝোতা না করে বিদ্যুৎ ব্যবহার করলে এমন ভোগান্তিতে পড়তে হয় বলে মন্তব্য করেন। এ নিয়ে তাঁদের সঙ্গে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে তাঁর সংযোগ বিচ্ছিন্ন করে ট্রান্সফরমার খুলে নেওয়া হয়। তিনি আরও বলেন, বাগ্বিতণ্ডার ওই ঘটনায় ৩১ মার্চ তাঁর বিরুদ্ধে ধামরাই থানায় মামলা করা হয়েছে।
গাফ্ফার মোল্লা আরও বলেন, বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ায় ইতিমধ্যে তাঁর খামারের তিন হাজার মুরগি মারা গেছে। আরও আট হাজার মুরগি মারা যাওয়ার উপক্রম হয়েছে। এসব বিষয়ে জেলা প্রশাসকসহ পল্লী বিদ্যুতের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তিনি গত সোমবার লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে বলা হয়েছে, ডিজিএম মোস্তফা কামাল অনৈতিক সুবিধা নিতে আদিল হোসেন ও আবুল কালাম আজাদকে গত ১ ডিসেম্বর তাঁর খামারে পাঠান। তাঁরা অবৈধ সংযোগ ব্যবহারের সুযোগ করে দিয়ে বিল কমানোর আশ্বাস দিয়ে তাঁর কাছে পাঁচ হাজার টাকা মাসোহারা দাবি করেন। এতে অস্বীকৃতি জানানোর জেরে তাঁর খামারের বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এসব অসৎ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হোক।
ডিজিএম মোস্তফা কামাল বলেন, গত নভেম্বর মাসের বিল বকেয়া থাকার কারণে ১৪ ডিসেম্বর গাফ্ফার পোলট্রি ফার্মের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এরপর গাফ্ফার মোল্লা অবৈধভাবে সংযোগ দিয়ে বিদ্যুৎ ব্যবহার করে আসছিলেন। বিষয়টি জানার পর ৫ মার্চ অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে গাফ্ফারসহ তাঁর লোকজন পল্লী বিদ্যুতের কর্মকর্তাদের বেধড়ক মারধর করেন।