পল্লী বিদ্যুৎ কর্মকর্তার মাথায় পিস্তল ঠেকিয়ে যুবলীগ নেতার হুমকি
কার্যালয়ে ঢুকে মাথায় পিস্তল ঠেকিয়ে যুবলীগের এক নেতা নোয়াখালীর সেনবাগ পল্লী বিদ্যুৎ সমিতির উপমহাব্যবস্থাপককে (ডিজিএম) হত্যার হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল শনিবার দুপুরে এ ঘটনা ঘটেছে।
ডিজিএম মো. দেলোয়ার হোসেন মিঞা হুমকির বিষয়টি তাৎক্ষণিকভাবে সংস্থার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান এবং সেনবাগ থানায় পৌর যুবলীগের আহ্বায়ক জাহেদুল হক ওরফে রিপনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। পরে বিকেল চারটার দিকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে থেকে জাহেদুলকে আটক করেন।
হুমকির বিষয়ে ডিজিএম মো. দেলোয়ার হোসেন মিঞা মুঠোফোনে প্রথম আলোকে বলেন, দুপুরে কার্যালয়ে তিনি খাবারের প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সময় জাহেদুল তাঁর কক্ষে ঢুকে তাঁকে শাসান। একপর্যায়ে মাথায় পিস্তল ঠেকিয়ে কথামতো কাজ না করলে হত্যার হুমকি দেন।
নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক (জিএম) শংকর লাল দত্ত বলেন, ডিজিএমকে মাথায় অস্ত্র ঠেকিয়ে হুমকির পর সেখানে কর্মকর্তা-কর্মচারীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
হুমকির বিষয়ে উপজেলা যুবলীগের আহ্বায়ক জাকারিয়া আল-মামুন বলেন, যুবলীগের কেউ যদি এ ঘটনার সঙ্গে জড়িত থাকে প্রশাসন তার বিরুদ্ধে যেকোনো আইনগত পদক্ষেপ নিতে পারে।