পল্লী বিদ্যুৎ কার্যালয়ে প্রতিবন্ধীকে আটকে রেখে নির্যাতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের গোলাপগঞ্জে পল্লী বিদ্যুতের কার্যালয়ে চোর সন্দেহে এক প্রতিবন্ধী ব্যক্তিকে প্রায় ২০ ঘণ্টা আটকে রেখে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। খবর পেয়ে গতকাল শনিবার সন্ধ্যায় গোলাপগঞ্জ থানার একদল পুলিশ তাঁকে উদ্ধার করে। পুলিশের জিম্মায় রাতে তাঁকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নির্যাতনের শিকার প্রতিবন্ধী ব্যক্তি হলেন গোলাপগঞ্জের গোবারকুল গ্রামের আবদুল লতিফ (৪০)। ওই গ্রামসহ গোলাপগঞ্জ পৌর শহর এলাকায় লতিফ একজন বুদ্ধিপ্রতিবন্ধী হিসেবে পরিচিত। গোলাপগঞ্জ থানার ওসি এ কে এম ফজলুল হক নির্যাতিত ব্যক্তি একজন বুদ্ধিপ্রতিবন্ধী বলে নিশ্চিত করেন। ঘটনা সম্পর্কে তিনি বলেন, ‘কী আর বলব, এককথায় অমানবিক একটি কাণ্ড করলেন তাঁরা (পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ)।’
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, শুক্রবার রাত ১০টার দিকে গোলাপগঞ্জ শহরের কদমতলীর কাছে পল্লী বিদ্যুতের কার্যালয়ের একটি কক্ষে ঢুকে পড়েন লতিফ। পল্লী বিদ্যুতের কর্মকর্তা-কর্মচারীরা তখন ‘লতিফের হাত ও পা বেঁধে একটি কক্ষের মধ্যে রাখেন। সকাল নয়টার দিকে পল্লী বিদ্যুতের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মস্তফা কামাল সেখানে গিয়ে লতিফকে মারধর করেন।
পুলিশের এক সদস্য জানান, লোকটির দুই পা ও হাতে জখম পাওয়া গেছে। ইট দিয়ে পায়ে আঘাত করা হয়—এ বিষয়টি লতিফ হাতে ইট নিয়ে দেখিয়েছেন। এ ব্যাপারে জানতে পল্লী বিদ্যুতের ডিজিএমের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি ধরেননি। তবে কার্যালয়ের টেলিফোনে ফোন করলে ওপাশ থেকে কর্মকর্তা পরিচয় দেওয়া এক ব্যক্তি বলেন, ‘এটা আসলে ভুল হয়ে গেছে। এ জন্য আমরা অনুতপ্ত। লোকটির চিকিৎসার দায়িত্বও আমরা নেব।’