পশু চিকিৎসকের অপচিকিৎসায় চোখে ঝাপসা দেখছেন গৃহবধূ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বাগাতিপাড়া উপজেলার চকমাহাপুর গ্রামে পল্লি পশু চিকিৎসক মিলন হোসেনের অপচিকিৎসায় রুমি বেগম (২৫) নামের এক নারী চোখে ঝাপসা দেখছেন। দৃষ্টিশক্তি স্বাভাবিক করতে তিনি পাঁচ দিন ধরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। ভুক্তভোগী রুমি ওই চকমাহাপুর গ্রামের ফরিদুল ইসলামের স্ত্রী।

তবে অভিযুক্ত পশু চিকিৎসক মিলন হোসেন বলেন, তাঁর মানুষের চিকিৎসা দেওয়ার সব যোগ্যতাই আছে।

ফরিদুল বলেন, তাঁর স্ত্রী গত শুক্রবার সকালে বাড়িতে কাজ করছিলেন। এ সময় তাঁর হাতে খেজুরের কাঁটা বিঁধে যায়। পরিবারের লোকজনের সহায়তায় তিনি কাঁটাটি তুলেও ফেলেন। কিন্তু সন্ধ্যায় তিনি ব্যথা ও শারীরিক দুর্বলতায় ভুগতে শুরু করেন। তখন তিনি একই গ্রামের পশু চিকিৎসক মিলনের কাছে চিকিৎসার পরামর্শ নিতে যান। মিলন পরামর্শ না দিয়ে নিজেই রুমির শরীরে স্যালাইন ও মুখে খাওয়ার কিছু ওষুধ দেন। এরপর রাত ১০টা থেকে রুমি আরও অসুস্থতা বোধ করেন ও চোখে ঝাপসা দেখতে শুরু করেন। ক্রমেই অবস্থার অবনতি হলে গত শনিবার সকালে তাঁকে নাটোর চক্ষু হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসকের পরামর্শে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

 রুমির বাবা বাবুল আক্তার গত মঙ্গলবার বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, তাঁর মেয়ে দুই চোখ দিয়ে ভালো দেখতে পাচ্ছেন না। সবকিছু ঝাপসা লাগছে। তাঁরা খুব দুশ্চিন্তায় আছেন।

পশু চিকিৎসক মিলনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছেন কি না জানতে চাইলে বাবুল বলেন, ‘মিলন গত সোমবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আমার মেয়েকে দেখতে গিয়েছিলেন। এ সময় তিনি হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকদের কাছে তাঁর দেওয়া ওষুধপত্রের কথা বলেছেন। তিনি তাঁদের কাছে ক্ষমাও চেয়েছেন। এখন আমার মেয়ে সুস্থ হয় কি না তা দেখার পর তাঁর ব্যাপারে সিদ্ধান্ত নেব।’

মিলন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘রুমির রক্তচাপ কম থাকায় ওই দিন আমি তাঁকে ‘ডিএনএ’ নামক স্যালাইন দিয়েছিলাম। চোখে কোনো ওষুধ দেইনি। কী কারণে তিনি চোখে দেখছেন না তা আমি বলতে পারব না।’ একজন পল্লি পশু চিকিৎসক হয়ে কেন তিনি মানুষের চিকিৎসা করলেন জানতে চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে বলেন, ‘চিকিৎসা দেওয়ার সব যোগ্যতা আমার রয়েছে।’

নাটোর চক্ষু হাসপাতালের চিকিৎসক সিদ্দিকুর রহমান বলেন, ওষুধের কারণে রোগী চোখে ঝাপসা দেখছেন শোনার পর তিনি তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। প্রাথমিক পরীক্ষায় রোগীর দৃষ্টি দুর্বলতার সত্যতা পাওয়া গেছে।

বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, তাঁকে কেউ এ ঘটনা জানাননি। তবে কোনো পশু চিকিৎসক যদি এ ধরনের চিকিৎসা দিয়ে থাকেন তাহলে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া উচিত।