পশু পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচায় কোরবানির পশু পরিবহনে ব্যবসায়ীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। যানবাহন সংকটের অজুহাতে পরিবহন সংস্থাগুলো অতিরিক্ত এ ভাড়া আদায় করছে বলে অভিযোগ করেছেন ব্যবসায়ীরা।
আরিচা পরিবহন সংস্থা-সংশ্লিষ্ট সূত্র জানায়, আরিচা ঘাটে ১১টি পরিবহন সংস্থা রয়েছে। ঈদুল আজহা উপলক্ষে জেলার শিবালয় ও দৌলতপুর উপজেলার চরাঞ্চলসহ পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, নাটোর ও নওগাঁ থেকে ব্যবসায়ীরা গরু কিনে ট্রলারে করে যমুনা নদী পার হয়ে এ ঘাটে নিয়ে আসছেন। এরপর পরিবহন সংস্থার ট্রাক ও পিকআপ ভ্যানযোগে এসব পশু ঢাকা-আরিচা মহাসড়ক দিয়ে ঢাকার আশুলিয়া, গাবতলী, মিরপুর, আগারগাঁও এবং সিলেট ও চট্টগ্রামের আশপাশের বিভিন্ন কোরবানির হাটে নেওয়া হচ্ছে।
গরু ব্যবসায়ীরা বলেন, ভারতীয় গরু কম আসায় গত বছরের তুলনায় এ বছর দেশি গরুর দাম বেশি। অন্যান্য বছর ঈদের তিন থেকে চার সপ্তাহ আগে বিভিন্ন স্থানে কোরবানির পশু আসত। কিন্তু এবার এক সপ্তাহ আগে থেকে গরুগুলো আরিচাঘাটে আনা হচ্ছে। এই সুযোগে পরিবহন সংস্থার মালিকেরা যানবাহনের সংকট দেখিয়ে অতিরিক্ত ভাড়া আদায় করছেন।
গতকাল সোমবার আরিচা ট্রাক টার্মিনাল এলাকায় গিয়ে দেখা যায়, বিভিন্ন আকারের ইঞ্জিনচালিত ট্রলারে ঘাটে কোরবানির গরু নিয়ে আসছেন ব্যবসায়ীরা। এরপর ব্যবসায়ীরা গরুগুলোকে ঘাটে বেঁধে রাখছেন। তিন থেকে পাঁচ ঘণ্টার মধ্যে গরুগুলো আরিচা ঘাটের বিভিন্ন পরিবহন সংস্থার ট্রাক ও পিকআপ ভ্যানে করে ঢাকা ও চট্টগ্রামসহ এর আশপাশের বিভিন্ন এলাকায় নিয়ে যাওয়া হচ্ছে।
দৌলতপুরের কালিকাপুর চরের খলিল ব্যাপারী ও বাঘুটিয়া চরের বাবু ব্যাপারীসহ অন্তত ১০ জন ব্যবসায়ী বলেন, গত বছর এই ঘাট থেকে গাবতলী ও আগারগাঁওয়ে পরিবহন ভাড়া ছিল পাঁচ থেকে ছয় হাজার টাকা। কিন্তু এবার আট থেকে নয় হাজার টাকা করে নেওয়া হচ্ছে। পরিবহন সংস্থাগুলোর কাছে ভাড়ার কোনো তালিকা নেই।
মাঝি ট্রান্সপোর্ট এজেন্সি নামের একটির পরিবহন সংস্থার মালিক শামীম হোসেন বলেন, ‘পশুগুলো গন্তব্যে পৌঁছে দেওয়ার পর খালি ফিরে আসতে হয়। এ জন্য ভাড়া কিছুটা বেশি নেওয়া হয়।’ আলতাব পরিবহন সংস্থার ব্যবস্থাপক সজীব হোসেন বলেন, ভাড়ার নির্ধারিত কোনো হার নেই। গরুর চাপ বেড়ে গেলে ভাড়াও কিছুটা বেড়ে যায়। জেলা ট্রাক মালিক সমিতির সম্পাদক মোনায়েম খান বলেন, ঈদের আগে কোরবানির পশু পরিবহনে ভাড়া কিছু বেশি নেওয়া হতে পারে। সেটা মাত্রাতিরিক্ত হলে ব্যবস্থা নেওয়া হবে।
জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস বলেন, অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে কেউ লিখিত অভিযোগ করলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে অভিযান পরিচালনা করা হবে।