পশুর চ্যানেলে ঢুকে পড়ায়...
সুন্দরবনের কাছের পশুর চ্যানেলে ঢুকে পড়া দুটি মাছ ধরার ট্রলারকে এক লাখ টাকা জরিমানা করেছে বন বিভাগ। দুটি ট্রলারের মাঝি ও মৎস্যজীবীদের সংগঠনগুলো বলছে, বঙ্গোপসাগরের আকস্মিক ঝড় থেকে বাঁচতেই বাধ্য হয়ে নৌ চলাচল নিষিদ্ধ পশুর চ্যানেলে ঢুকে পড়ে ট্রলার দুটি। তাই এভাবে জরিমানা করা অন্যায়।
তবে বন বিভাগ বলছে, ঝড়ের কবলে পড়ে আশ্রয় নেওয়ার কথা বিশ্বাসযোগ্য নয়।
বন বিভাগের চাঁদপাই স্টেশন কর্মকর্তা গাজী মতিউর রহমান জানান, ট্রলার দুটিকে গত রোববার বিকেলে জব্দ করেন সুন্দরবন পূর্ব বিভাগের কর্মীরা। অনুপ্রবেশের দায়ে ঢাংমারি স্টেশন এলাকা থেকে এফবি আশীর্বাদকে এবং মরা পশুর ক্যাম্প এলাকা থেকে এফবি মনীষাকে আটক করা হয়। ট্রলার দুটিতে ৫৩ জন জেলে রয়েছেন। দুটি ট্রলারকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
তবে এফবি আশীর্বাদের মাঝি কালু মিঞা গতকাল সোমবার বিকেলে বলেন, রোববার ভোররাতে ঝড় শুরু হলে ঝড়ের হাত থেকে নিজেদের জীবন ও ট্রলার রক্ষার স্বার্থে তিনি ট্রলার নিয়ে পশুর চ্যানেলে ঢুকে পড়েন। কিন্তু বন বিভাগ জরুরি দুর্যোগ পরিস্থিতি বিবেচনায় না নিয়ে তাঁদের হয়রানি করছে।
বন বিভাগ সূত্রে জানা গেছে, সুন্দরবনের সম্পদ সুরক্ষায় ছয় মাস আগে পশুর ও শিবসা নদীপথে সুন্দরবনের ভেতরে সব ধরনের ছোট ইঞ্জিনচালিত নৌকা-ট্রলার চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল।
বঙ্গোপসাগরে মাছ ধরা জেলেদের সবচেয়ে বড় সংগঠন দুবলা ফিশারমেন গ্রুপের সাংগঠনিক সম্পাদক শাহানূর রহমান বলেন, জরুরি প্রয়োজনে বিকল্প পথ হিসেবে পশুর চ্যানেল বঙ্গোপসাগরের মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত রাখা বাঞ্ছনীয়। বিপদের মুখে পড়ে আশ্রয় নিতে আসা মাছ ধরা ট্রলারকে এভাবে জরিমানা করাটা অযৌক্তিক।
শাহানূর রহমান বলেন, ‘ট্রলার চলা মৌখিকভাবে নিষিদ্ধ করা হয়েছে। কোনো লিখিত নির্দেশ দেওয়া হয়নি। আনুষ্ঠানিকভাবে আমাদের সংগঠনকেও কিছু বলা হয়নি।’
জানতে চাইলে সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. সাইদুল ইসলাম বলেন, লিখিত নির্দেশের বিষয়টি এখনো প্রক্রিয়াধীন। তবে শিগগিরই জানানো হবে। তবে আগে থেকে মৌখিক নির্দেশ ছিল।
জরিমানা প্রসঙ্গে তিনি বলেন, ট্রলার দুটিকে যেখানে পাওয়া গেছে, তাতে এই যুক্তি ধোপে টেকে না যে তারা ঝড়ের কবলে পড়ে আশ্রয় নিয়েছে। আর তাদের লঘুদণ্ড দেওয়া হয়েছে। কারাদণ্ড দেওয়া হয়নি।