পশুর মেলায় পশু নেই, চলছে অশ্লীল নাচ
ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া ইউনিয়নের রামনাথ এলাকার আজাদ মেলায় প্রতিবছর পশু কেনাবেচার পাশাপাশি চলত যাত্রা। কিন্তু এবার মেলায় পশু কেনাবেচা না হলেও যাত্রাপালার নামে চলছে অশ্লীল নাচ-গান।
মেলার আয়োজক সূত্রে জানা গেছে, সাবেক এক মন্ত্রীর পৃষ্ঠপোষকতায় ৫ নভেম্বর মেলা শুরু হয়েছে। চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। এবার বিক্রেতারা পশু নিয়ে না আসায় মেলায় কোনো পশু বিক্রি হয়নি। এখন রামনাথ হাটবারেই পশু বিক্রি হচ্ছে।
গত শুক্রবার মেলায় গিয়ে দেখা যায়, দুটি প্যান্ডেলে দুটি যাত্রাপালা বসেছে। প্রতিটি প্যান্ডেলেই অশ্লীল নাচ-গান চলছে। এসব প্যান্ডেলে স্কুল-কলেজের শিক্ষার্থীদের ভিড় দেখা যায়।
স্থানীয় লোকজন জানান, গরু-মহিষ, ঘোড়া কেনাবেচার জন্য রুহিয়া আজাদ মেলার বেশ নামডাক ছিল। মেলা থেকে পছন্দের পশু ক্রয় করতে ভিড় করত বিভিন্ন এলাকার মানুষ। কিন্তু গত বছর মেলার প্রথম দু-এক দিনেই পশু বিক্রি শেষ হয়ে যায়। আর এ বছর মেলায় বিক্রির জন্য কোনো পশু আনেননি বিক্রেতারা। মেলায় পশু বিক্রি না হলেও সেখানে বিভিন্ন প্যান্ডেলে চলছে যাত্রা। আর সেসব যাত্রায় চলছে অশ্লীল নাচ-গান।
মধুপুর গ্রামের বাসিন্দা আবদুল জব্বার জানান, গতবার মেলায় পশু নিয়ে বিক্রি করতে পারেননি। পরে সেটা পঞ্চগড়ের আটোয়ারীর রাশ মেলায় বিক্রি করেছেন। এখানে পশু কেনাবেচা বাড়াতে কোনো পদক্ষেপ না নিয়ে মেলা কর্তৃপক্ষ নাচ-গান নিয়ে ব্যস্ত থাকছে। ফলে এবার আর মেলায় বিক্রির জন্য কোনো পশু আসেনি।
শিক্ষক জাহাঙ্গীর আলম জানান, মেলায় যাত্রার নামে প্রকাশ্যে যে অশ্লীল নাচ-গান চলছে, তাতে উঠতি বয়সের কিশোর ও তরুণেরা নষ্ট হচ্ছে। মেলার ভ্যারাইটি শো ও যাত্রা প্যান্ডেলে এখন আর নারী দর্শক খুঁজে পাওয়া যায় না। এখানে ভিড় করে সব উঠতি বয়সের ছেলেরা।
রুহিয়া উচ্চবিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী জানান, বিকেল হলেই মাইকে উচ্চ স্বরে গানবাজনা শুরু হয়। সন্ধ্যার পর তা বাড়তে থাকে। এ কারণে পড়ালেখায় মনোযোগ থাকে না। এ জন্য তারা পড়ালেখায় পিছিয়ে পড়ছে। ছাত্রদের অনেকে যাত্রা দেখে এসে সহপাঠীদের কাছে বর্ণনা করছে।
মেলা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মকবুল হোসেন জানান, আজাদ মেলা ঐতিহ্যবাহী। মেলায় প্রথম কয়েক দিন অশ্লীল নাচ-গান চললেও এখন নিয়ন্ত্রণ করা হচ্ছে। তবে সব যাত্রায় কিছুটা অশ্লীল অঙ্গভঙ্গি সবখানেই হয়ে থাকে।
জেলা প্রশাসক মুকেশ চন্দ্র বিশ্বাস বলেন, অভিযোগ সত্য হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।