পশুর হাট থেকে আটক ছাত্রদল নেতা কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরের সোবহানীঘাট এলাকায় কোরবানির পশুর হাট থেকে গ্রেপ্তার হওয়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাহাত চৌধুরীকে আজ সোমবার কারাগারে পাঠানো হয়েছে। নাশকতার অভিযোগে করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।

মহানগর পুলিশের শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজামাল মুন্সি জানান, গতকাল রোববার রাত নয়টার দিকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৯) সদস্যরা রাহাতকে আটক করে শাহপরান থানায় সোপর্দ করেন। রাহাতের বিরুদ্ধে নাশকতার অভিযোগে কয়েকটি মামলা রয়েছে। এসব মামলায় তিনি পলাতক ছিলেন।

এদিকে রাজনৈতিকভাবে হয়রানি করতে ঈদের আগের দিন রাহাতকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে দাবি করে জেলা ও নগর ছাত্রদল বিবৃতি দিয়েছে। আজ সকালে জেলা ছাত্রদলের সভাপতি সাঈদ আহমদ, নগরের সভাপতি নুরুল আলম সিদ্দিকী ও সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লোকমান যৌথ বিবৃতিতে রাহাতের নিঃশর্ত মুক্তি দাবি করেন।