পশুর হাট বসানো নিয়ে দুই পক্ষ মুখোমুখি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলায় কোরবানির পশুর হাট বসানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। মুখোমুখি অবস্থানে রয়েছেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জসিম সরদার ও গৈলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সোয়েব ইমতিয়াজ লিমন তালুকদার।      

স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জসিম সরদারের নেতৃত্বে গৈলা মডেল হাইস্কুলের দক্ষিণ পাশের মাঠে তিন বছর ধরে কোরবানির পশুর হাট বসছে। এবারও সেখানে হাট বসানোর উদ্যোগ নেওয়া হয় এবং মাইকিং করে প্রচারণা চলে। ওই মাঠে রয়েছে গৈলা শহীদ স্মৃতি সংঘ, একাত্তরের শহীদ মুক্তিযোদ্ধা সিপাহি আলাউদ্দিনের কবরস্থান, ব্রিটিশবিরোধী আন্দোলনের নেতা শহীদ তারক চন্দ্র সেনের সমাধি ও হিন্দু সম্প্রদায়ের শিবমন্দির। স্থানটির পবিত্রতা বজায় রাখার জন্য সেখানে পশুর হাট স্থানান্তরের দাবি জানিয়েছেন উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও গৈলা ইউপির চেয়ারম্যান সোয়েব ইমতিয়াজ লিমন তালুকদার। তিনি ওই মাঠের দেড় শ গজ দূরে ইউপি চত্বরে গরুর হাট বসানোর ঘোষণা দেন এবং উপজেলা প্রশাসনের অনুমতি নেন। মাইকিং করে এই হাটেরও প্রচারণা চলছে।

এদিকে, গৈলা মডেল হাইস্কুলের দক্ষিণ পাশের মাঠে পশুর হাট বসানোর প্রতিবাদে গত বৃহস্পতিবার এক সমাবেশ হয়। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আ. কাদের সরদারের সভাপতিত্বে বক্তব্য দেন সংগঠনের সাবেক কমান্ডার আ. রইচ সেরনিয়াবাত ও মো. সিরাজুল হক সরদার, মুক্তিযোদ্ধা মো. তাজুল ইসলাম ও মো. শাহজাহান সরদার, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. সোহরাফ হোসেন মাস্টার, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উপজেলা আহ্বায়ক আবদুল্লাহ লিটন প্রমুখ।

এ বিষয়ে মো. জসিম সরদার বলেন, ‘যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে এবারও আমাদের হাট চালু থাকবে। কেউ যদি কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আরেকটি হাট বসায়, তাতে আমাদের আপত্তি নেই।’ 

সোয়েব ইমতিয়াজ লিমন তালুকদার বলেন, ‘শহীদদের পবিত্র স্থানে গরুর হাট বসানো তাঁদের অবমাননার শামিল। এ জন্য ইউনিয়ন পরিষদের সামনে হাট বসানো হচ্ছে। ওই হাটের আয় পরিষদে জমা হবে এবং জনকল্যাণে ব্যবহার করা হবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শতরুপা তালুকদার বলেন, ভাইস চেয়ারম্যানের পশুর হাটটি আগে থেকেই ছিল। এবার হাটটি বন্ধের দাবি জানিয়েছে মুক্তিযোদ্ধা ও সুশীল সমাজ। পবিত্র স্থানের যাতে অমর্যাদা না হয়, সেই দিকে খেয়াল রেখে হাটটি সংকুচিত করা হবে। বিরোধ মেটাতে দুই পক্ষকে হাটের অনুমতি দেওয়া হয়েছে।