পশুর হাটে দালালদের কাছে জিম্মি ক্রেতা-বিক্রেতা
বগুড়ার শিবগঞ্জ উপজেলার পশুর হাটগুলোতে কোরবানির পশু কিনতে গিয়ে দালালদের কাছে জিম্মি হয়ে পড়েছেন ক্রেতা-বিক্রেতারা। দালালরা ক্রেতা-বিক্রেতা উভয়ের কাছ থেকে হাতিয়ে নিচ্ছেন ইচ্ছেমতো টাকা।
গত কয়েক দিনে উপজেলার মহাস্থান, বুড়িগঞ্জ ও শিবগঞ্জ হাটের মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, বর্তমানে এমন এক পরিস্থিতি দাঁড়িয়েছে যে গরু বা ছাগল কেনাবেচা করতে গেলে দালালদের শরণাপন্ন হতেই হবে। তাঁরাই পশু বিক্রি করে দেবে অথবা কিনে দেবে। কোনো ক্রেতা-বিক্রেতা তাঁদের শরণাপন্ন না হলে পশু তুলনামূলক কম দামে বেচতে বা বেশি দামে কিনতে হবে।
হাটগুলো ঘুরে দেখা যায়, দালালদের বেশির ভাগের গলায় গামছা ঝোলানো থাকে। এ গামছা দেখেই তাঁদের চেনা যায়।
গতকাল বুধবার মহাস্থান হাটে গিয়ে দেখা যায়, হাটে ঢোকার মুখে কয়েকজন দালাল কুড়াহার গ্রামের ইয়াছিন আলীকে ঘিরে ধরেন। এরপর ‘কম দামে’ ভালো পশু কিনে দেওয়ার জন্য বোঝাতে থাকেন। তবে এ জন্য কমিশন দাবি করেন ৫০০ টাকা। পরে ২০০ টাকা করে মোট ৪০০ টাকায় দুটি ছাগল কিনে দেওয়ার জন্য সোহরাব হোসেন নামে এক দালালের সঙ্গে সমঝোতা হয়।
ইয়াছিন আলী বলেন, ‘দালাল ছাড়া পশু কেনা় কঠিন। সহজে পশু কিনতে তাঁদের সঙ্গে চুক্তি করতে হয়।’
সোহরাব হোসেন বলেন, ‘সারা বছর এ পেশায় তেমন আয় হয় না। কোরবানির এই সময়টাতেই যা হয়।’
মহাস্থান হাটে গরু কিনতে আসা রায়নগর গ্রামের ফজলুর রহমান (৪৫) বলেন, তাঁদের দালালির জন্য যে টাকা দেওয়া হয়, নিজে পশু কিনলে তার চেয়ে বেশি টাকা লাগে। তাই এক দালালকে ৪০০ টাকা কমিশন দিয়ে একটি গরু কিনেছেন।