পশুর হাটে দালালের দৌরাত্ম্যে বিব্রত ক্রেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেলা একটা। গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মাঠের হাটে পশু বেচাকেনা জমে উঠেছে। হাটে আসা এক ক্রেতা দরদাম করছেন, ‘ভাই, গরু কত টাকা?’ বিক্রেতা বলেন, ‘৫০ হাজার।’ ক্রেতা বললেন, ‘৪০ হাজার টাকা দেব।’ এ সময় হাজির হলেন গরুর দালাল। ওই দালাল দাম হাঁকলেন ৪২ হাজার টাকা। বিক্রেতা, ‘না, দেব না।’ ক্রেতা বললেন, ‘৪৩ হাজার দেব।’ দালাল দাম হাঁকলেন ৪৫ হাজার। ক্রেতা বললেন, ‘৪৬ হাজার।’ দালাল আবার ৪৮ হাজার টাকা বললেন। বিব্রত হয়ে ক্রেতা ফিরে গেলেন। এভাবেই গতকাল বৃহস্পতিবার মাঠের হাটে ক্রেতা-বিক্রেতা ও দালালের দর-কষাকষির মধ্যে পশু কেনাবেচা চলছিল।
খোঁজ নিয়ে জানা গেল, দালালেরা গরু কেনেন না। শুধু দাম বাড়িয়ে দিতে দর-কষাকষি করেন। পশু বিক্রি হলে বিনিময়ে বিক্রেতার কাছ থেকে বকশিশ পান। গতকাল ওই হাটে আসা অন্তত ২৫ জন ক্রেতা অভিযোগ করেন, ‘পশু কিনতে এসে দালালের দৌরাত্ম্যে আমরা বিব্রত বোধ করছি। অনেক ক্রেতা হয়রানির শিকার হচ্ছেন।’
হাটে আসা পলাশবাড়ীর মহদিপুর গ্রামের বাবু মিয়া বলেন, দালালদের ঠেলাঠেলিতে গরু-ছাগলের দরদাম করা যাচ্ছে না। বিক্রেতার কাছ থেকে বকশিশ নিয়ে গরুর দাম বাড়িয়ে দিচ্ছেন। হাটে আসা একই গ্রামের মনজুর কাদির বললেন, ‘একটি গরু ৪৫ হাজার টাকায় পেয়েছিলাম। হঠাৎ দালাল এসে ৫০ হাজার টাকা বললেন। বিক্রেতা আর গরু দিলেন না। পরে জানলাম, লোকটি গরুর দালাল।’
একই হাটে পশু কিনতে আসা গাইবান্ধা শহরের সুখনগর এলাকার কলেজশিক্ষক সাখাওয়াত হোসেন বলেন, ‘গরু কিনব কেমন করে। দালালদের পীড়াপীড়িতে বিব্রত বোধ করছি।’
মাঠের হাটের পশু ব্যবসায়ী আকবর আলী বলেন, ‘দালাল আছে। কিন্তু আমাদের কাছে তাঁরা প্রভাব খাটাতে পারেন না।’
যোগাযোগ করা হলে আজিজার রহমান নামের এক দালাল বলেন, ‘পশুর দাম বাড়িয়ে দিয়ে কাউকে হয়রানি করি না। ক্রেতা-বিক্রেতাদের সহযোগিতা করি মাত্র। এ থেকে কিছু বকশিশ পাই।’ গোবিন্দগঞ্জের গোলাপবাগ হাটে গিয়েও একই চিত্র দেখা গেল। এই হাটে আসা উপজেলার মহিমাগঞ্জ গ্রামের মনজু মিয়া বলেন, গত বছর যে গরু ৩৫ হাজার টাকায় বিক্রি হয়েছে, এবার সেই গরু বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪৫ হাজার টাকায়। দালালের কারণে আরও দাম বেড়েছে। হাটে আসা উপজেলার কাটাবাড়ি গ্রামের শাহ আলম বলেন, ‘দালালের কারণে আমরা গরু কিনতে এসে হয়রানির শিকার হচ্ছি। যে ছাগল পাঁচ হাজার টাকায় কিনতে পারতাম, সেই ছাগল দালালের কারণে ছয় হাজার টাকায় কিনতে হচ্ছে।’