পশুর হাটের দখল না পেয়ে ক্ষতিপূরণ দাবি ইজারাদারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরের মাছিমপুর এলাকার কয়েদির মাঠে কোরবানি পশুর অস্থায়ী হাটের দখল বুঝিয়ে না দেওয়ায় সিলেট সিটি করপোরেশন কর্তৃপক্ষের কাছে ৬৫ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন ইজারাদার সিরাজুল ইসলাম। গতকাল শনিবার দুপুরে জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ ক্ষতিপূরণ দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তৃতায় সিরাজুল ইসলাম বলেন, সিটি করপোরেশন ১ সেপ্টেম্বর কয়েদির মাঠ অস্থায়ী হাট হিসেবে ইজারা দেওয়ার দরপত্র আহ্বান করে। যথারীতি দরপত্র জমা দিয়ে সর্বোচ্চ দরদাতা নির্বাচিত হন তিনি। ৫ সেপ্টেম্বর সিটি করপোরেশন কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে তাঁকে ইজারাদার হিসেবে উল্লেখ করে ৬ সেপ্টেম্বর হাট বুঝিয়ে দিতে গিয়ে অবৈধ দখলদারদের বাধার মুখে ফিরে যায়। ৭ সেপ্টেম্বর সিটি করপোরেশনের নির্বাহী কর্মকর্তা বরাবর হাট ইজারাবাবদ জমা দেওয়া ৪৫ লাখ টাকা ফেরত চেয়ে আবেদন করেন তিনি। এরপর ৮ সেপ্টেম্বর সিটি করপোরেশনের সংশ্লিষ্ট দপ্তর সরেজমিনে হাটের দখল বুঝিয়ে দেওয়ার আশ্বাস দিয়েও তা করেনি।
সংবাদ সম্মেলনে সিরাজুল বলেন, ৮ সেপ্টেম্বর সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান কয়েদির মাঠে গিয়ে দেখেন, অবৈধ দখলদার পক্ষ হাটের দখল নিয়ে নিয়েছে। তিনি ভ্রাম্যমাণ আদালতের প্রস্তুতি শুরু করলে অবৈধ দখলদারদের বাধার মুখে ফিরে যান। সিরাজুল অভিযোগ করেন, ওই দিন অবৈধ দখলদার পক্ষের সন্ত্রাসীরা হাটে ইজারাদারের স্থাপনা ভাঙচুর করে বিক্রির জন্য আনা কোরবানির পশুর ওপরও হামলা চালায়। এতে ছয় লাখ টাকা লুটসহ ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। হাটের ইজারামূল্য ৪৫ লাখ টাকা ও ক্ষয়ক্ষতি হওয়া ২০ লাখ টাকা মিলিয়ে ৬৫ লাখ টাকার ক্ষতিপূরণ তিনি সিটি করপোরেশনের কাছে দাবি করেন।
জানতে চাইলে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব কয়েদির মাঠের অস্থায়ী হাটের ইজারাদার সিরাজুল ইসলামের তথ্যের সত্যতা নিশ্চিত করেন। ইজারাদারের ক্ষতিপূরণ দাবি প্রসঙ্গে তিনি বলেন, হাটের ইজারাদার বিতাড়িত হওয়ার বিষয়ে সিটি করপোরেশন অবহিত রয়েছে। তবে হাটের দখল ইজারাদারকে বুঝিয়ে দেওয়ার পর তিনি বিতাড়িত হয়েছেন বলে সিটি করপোরেশন এ বিষয়ে খোঁজখবর নিয়ে পরবর্তী করণীয় নির্ধারণ করবে।