পশ্চিম পটিয়ায় অবৈধ বিদ্যুৎ খুঁটি স্থাপন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পশ্চিম পটিয়ার চরলক্ষ্যা ও জুলধার ইউনিয়নের তিনটি গ্রামে বিদ্যুৎ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ১৭টি বিদ্যুৎ খুঁটি স্থাপন করার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে গত মঙ্গলবার বিদ্যুৎ বিতরণ বিভাগ (পিডিবি) পটিয়ার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আলতাফ হোসেন বাদী হয়ে কর্ণফুলী থানায় সাধারণ ডায়েরি করেছেন।
পটিয়া পিডিবি সূত্র জানায়, কয়েক দিন আগে পটিয়ার জুলধার ডাঙ্গারচর, চরলক্ষ্যার বোর্ড অফিস ও কণ্যখালী এলাকার বিভিন্ন স্থানে কে বা কারা ১৭টি অবৈধভাবে পাকা বিদ্যুৎ খুঁটি স্থাপন করেছে। অথচ এই ব্যাপারে বিদ্যুৎ কর্তৃপক্ষ আদৌ জানে না।
তবে নাম প্রকাশ না করার শর্তে একাধিক কর্মচারী বলেন, বিদ্যুৎ বিভাগের লোকজন ছাড়া বিদ্যুৎ খুঁটি স্থাপন করা যেতে পারে না।
এ ব্যাপারে চরলক্ষ্যা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ ব্যাপারে তিনি কিছুই জানেন না।
পটিয়া বিদ্যুৎ বিতরণ বিভাগের উপসহকারী প্রকৌশলী ইসমাইল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।