পশ্চিমবঙ্গে গ্রেপ্তারের পর কথিত ৫১ বাংলাদেশি কারাগারে
পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলায় দুই ভারতীয় দালাল এবং কথিত ৪৯ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গত সোমবার জেলার বসিরহাট সীমান্ত থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পশ্চিমবঙ্গের পুলিশ জানায়, সোমবার রাতে বসিরহাটের ঘোজাডাঙ্গা সীমান্ত দিয়ে অবৈধভাবে ৩৩ জন বাংলাদেশি ভারতে অনুপ্রবেশ করলে বিএসএফ দুই ভারতীয় দালালসহ তাঁদের আটক করে পুলিশে হস্তান্তর করে। আটককৃতদের মধ্যে ১২ জন পুরুষ, ১২ জন নারী এবং নয়টি শিশু।
একই দিন জেলার স্বরূপনগর থানার বিথারী সীমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশকালে অপর ১৬ জন বাংলাদেশিকে আটক করে বিএসএফ।
গত মঙ্গলবার এই ৫১ জনকে বসিরহাট মহকুমা আদালতে হাজির করা হলে আদালত তাঁদের কারাগারে পাঠায় বলে দেশটির পুলিশ জানায়।
ঠাকুরগাঁও সীমান্তে আরও তিনজন: ঠাকুরগাঁও প্রতিনিধি জানান, গতকাল বুধবার ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার নাগরভিটা সীমান্তের ওপারে ভারতের উত্তর দিনাজপুর জেলার ধর্মপুর গ্রাম থেকে তিন বাংলাদেশিকে আটক করেছে দেশটির পুলিশ।
ঠাকুরগাঁও ৩০ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সূত্র জানায়, গতকাল ভোরে সীমান্তের ১৭ কিলোমিটার দূরে উত্তর দিনাজপুর জেলার ধর্মপুর গ্রামে দেশটির গোয়ালপুকুর থানার পুলিশ বৈধ কাগজপত্র না থাকায় তিন বাংলাদেশিকে আটক করে। আটককৃতরা হলেন বালিয়াডাঙ্গী উপজেলার বিহারীপাড়া গ্রামের ভুট্টু (২৮), রানীশংকৈল উপজেলার চেকপোস্ট কলোনির মো. রিপন (৪০) ও মো.এনামুল (২৫)।
আটকের পর দেশটির পুলিশ তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে বলে জানান ঠাকুরগাঁও ৩০ বিজিবির গোয়েন্দা কর্মকর্তা মেজর তৌহিদ বিন ইসহাক।