পশ্চিমবঙ্গে নির্বাচনী সহিংসতায় বাংলাদেশি দুই যুবক আহত, আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচনী সহিংসতায় বাংলাদেশি দুই যুবক আহত হয়েছেন। হাসপাতালে চিকিৎসাধীন ওই যুবকদের ইতিমধ্যে অনুপ্রবেশের অভিযোগে আটক করেছে সেখানকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আগামীকাল সোমবার পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন হওয়ার কথা রয়েছে।

গতকাল শনিবার দিবাগত রাত তিনটার দিকে পশ্চিম বঙ্গের কোচবিহার জেলার দিনহাটা থানার জারিধরলার নগদটারী গ্রামে তৃণমূল কংগ্রেস ও বিজেপি সমর্থকদের মধ্যে ওই সংঘর্ষ হয় বলে জানা যায়। রোববার সন্ধ্যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বিষয়টি নিশ্চিত করেছে বলে জানিয়েছে বাংলাদেশর সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)।

আহত ওই যুবকেরা হলেন লালমনিরহাটের আদিতমারীর দুর্গাপুর গ্রামের মিলন মিয়া (২৫) ও একই গ্রামের মঞ্জুর রহমান (২১)। আটক যুবকদের পরিবার বলছে, তাঁরা গরু আনতে গিয়ে নির্বাচনী সহিংসতার মধ্যে পড়েন।

১৫ বিজিবি ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাতে নির্বাচনী ওই সহিংসতায় কয়েকজন ভারতীয়সহ এই দুই বাংলাদেশি যুবক আহত হন। বিষয়টি জানতে পেরে রোববার দুপুরে বিজিবির লালমনিরহাটের মোগলহাট কোম্পানি কমান্ডার ও ৩৮ বিএসএফ ব্যাটালিয়নের সংশ্লিষ্ট কোম্পানি কমান্ডার পর্যায়ে বৈঠক হয়। বৈঠকে বিএসএফ এ বিষয়ে কিছু জানাতে না পারলেও সন্ধ্যা পৌনে ছয়টার দিকে তা নিশ্চিত করা হয়। বিএসএফ জানিয়েছে, আহত অবস্থায় বাংলাদেশি দুই যুবক দিনহাটা সরকারি হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের আটক করা হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, মিলন মিয়া ও মঞ্জুর রহমান ভারত থেকে গরু আনার জন্য জারিধরলার নগদটারী গ্রামে গিয়েছিলেন। এরই মধ্যে শনিবার রাতে পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস ও বিজেপির প্রার্থীদের সমর্থনে মিছিল বের হয়। পৃথক এ মিছিল একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। যার মধ্যে বাংলাদেশি এই দুই যুবকও পড়ে যায়। সংঘর্ষের ঘটনা জানতে পেরে বিএসএফ সংশ্লিষ্ট এলাকায় টহল জোরদার করলে তাঁরা বাংলাদেশে ফিরে আসতে পারেননি।

লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, বাংলাদেশি যুবক মিলন মিয়া এর আগে ২০১৭ সালের ৩০ ডিসেম্বর বিজিবির হাতে ফেনসিডিলসহ আটক হন। ওই সময় তাঁর বিরুদ্ধে লালমনিরহাটের আদিতমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। পরে ওই মামলায় আদালত তাঁকে জামিন দেন।

১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোর্শেদ বলেন, আটক দুই বাংলাদেশি যুবকের বিরুদ্ধে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে বিএসএফ জানিয়েছে।