ভারতের পশ্চিমবঙ্গের পিয়ালি দ্বীপের একটি পর্যটক হোটেলে শনিবার গভীর রাতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা সেখানে চারটি পরিবারের মুঠোফোন, হাতঘড়ি, ডেবিট কার্ডসহ ৭৫ হাজার টাকার মালামাল লুট করে। এ ঘটনায় জড়িত সন্দেহে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। খবর জিনিউজের।
পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, কলকাতার ওই চারটি পরিবার কুলতলি থানার পিয়ালি দ্বীপের কেল্লার ঘাটে বেড়াতে গিয়েছিল। শনিবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে হোটেলের দোতলার ঘরে ডাকাত ঢোকে। লুটপাট চালানোর সময় বাধা দিলে ডাকাতেরা দুটি গুলি ছোড়ে। এতে সুদীপ্ত বসুঠাকুর নামের একজন পর্যটক জখম হন। পাশাপাশি মিহির মুখোপাধ্যায় নামের আর একজন পর্যটকের ঘরেও ডাকাতি হয়। রাত পৌনে তিনটার দিকে ১২ জনের ডাকাত দলটি পালিয়ে যাওয়ার পর সুদীপ্তকে স্থানীয় একটি স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। পরদিন রোববার তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।