পশ্চিমবঙ্গে বাংলাদেশি নারীর শ্লীলতাহানি
ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার মাজদিয়ায় শুল্ক বিভাগের কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে বাংলাদেশি এক নারী ও তাঁর দুই ভাইকে গত বৃহস্পতিবার জোর করে ট্রেন থেকে নামিয়ে প্রায় ছয় ঘণ্টা আটকে রাখা হয়। এ সময় তল্লাশির নামে ওই নারীর শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
ওই নারী শুল্ক বিভাগের কর্মকর্তাদের শাস্তির দাবিতে নদীয়ার কৃষ্ণনগর শুল্ক বিভাগের উপকমিশনারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। কর্মকর্তারা পাঁচ হাজার রুপি ছিনিয়ে নিয়েছেন এবং তাঁর দুই ভাইয়ের সঙ্গে দুর্ব্যবহার করেছেন বলেও উল্লেখ করেন তিনি।
লিখিত অভিযোগে ওই নারী উল্লেখ করেছেন, তাঁদের বাড়ি চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায়। চিকিৎসার জন্য তাঁর দুই ভাইকে নিয়ে তিনি কলকাতায় গিয়েছিলেন। চিকিৎসা শেষে বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে কলকাতার শিয়ালদহ স্টেশন থেকে ট্রেনে করে গেদে চেকপোস্টে ফিরছিলেন। কিন্তু ট্রেনটি মাজদিয়া স্টেশনে পৌঁছালে শুল্ক বিভাগের কর্মকর্তা পরিচয়ে কয়েকজন তাঁদের জোর করে ট্রেন থেকে নামিয়ে আনেন। পরে মাজদিয়া শুল্ক কার্যালয়ের ছোট্ট একটি কক্ষে আটকে তল্লাশির নামে তাঁর শ্লীলতাহানি করেন।