ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার রানাঘাটে প্রবীণ খ্রিষ্টান সন্ন্যাসিনী (নান) ধর্ষণের ঘটনার ১২ দিন পর পুলিশ এর সঙ্গে জড়িত প্রথম একজনকে গ্রেপ্তার করেছে। পশ্চিমবঙ্গের সিআইডি পুলিশ মুম্বাই থেকে গত বুধবার রাতে মোহাম্মদ সেলিম শেখ নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে।
গতকাল বৃহস্পতিবার সেলিমকে রানাঘাট আদালতে তোলা হলে আদালত তাঁকে ১৪ দিনের সিআইডি হেফাজত দেন।
সিআইডি সূত্রে বলা হয়, সেলিম পুলিশের কাছে অপরাধ স্বীকার করেছেন। সেলিম এ কথাও বলেছেন, ঘটনার পর তাঁর লোকজন বাংলাদেশে পালিয়ে গেছেন।
১৪ মার্চ রাতে ওই ধর্ষণের ঘটনার পর সিআইডি সাতজন দুষ্কৃতকারীর ছবি প্রকাশ করে। ওই ছবির সঙ্গে মিলে যায় সেলিমের মুখ। সেলিমের দল এর আগেও এখানে তিনটি অপরাধ সংঘটনের কথা স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে। সিআইডি সূত্রে আরও বলা হয়েছে, সেলিমের বাড়ি বাংলাদেশে। তিনি তাঁর দলবল নিয়ে রানাঘাটে এসে আশ্রয় নেন এক ব্যক্তির বাড়িতে। এরপর রানাঘাটে ডাকাতি ও ধর্ষণ করার পর সেলিম পালিয়ে যান হাবড়ার গোপাল সরকারের বাড়িতে। সেখানে তাঁরা আশ্রয় নেন। পুলিশ গোপাল সরকারকেও গ্রেপ্তার করেছে।