পশ্চিমবঙ্গে ১৫ বাংলাদেশি জেলে আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৫ জন বাংলাদেশি জেলেসহ একটি মাছ ধরার ট্রলার আটক করার দাবি করেছে ভারতের উপকূল রক্ষীবাহিনী। গতকাল সোমবার সকালে পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার সুন্দরবন অঞ্চলের ফ্রেজারগঞ্জ থানার বাঙ্গাদোনি দ্বীপ এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
আটক জেলেদের বাড়ি খুলনা জেলায়। উপকূল রক্ষীবাহিনী সূত্রে জানা যায়, জেলেরা বাংলাদেশের সমুদ্রসীমানা ছাড়িয়ে ভারতীয় সমুদ্রসীমায় ঢুকে পড়ায় তাঁদের আটক করা হয়েছে। ট্রলার থেকে কিছু মাছ এবং মাছ ধরার জাল আটক করা হয়েছে। ট্রলারটির নাম এফবি রহিমা। তবে পুলিশের দাবি, জেলেরা মাছ ধরার জন্য বঙ্গোপসাগরে জাল ফেলেননি।
জেলেদের আজ মঙ্গলবার কাকদ্বীপ মহকুমা বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হবে। পুলিশের দাবি, জেরার সময় জেলেরা জানান, ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে পড়ায় দিগভ্রান্ত হয়ে তাঁরা ভারতের সীমানায় ঢুকে পড়েছেন।