পশ্চিমাঞ্চলের আট ট্রেনে হিজড়াদের উৎপাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর-পশ্চিমাঞ্চলের আটটি আন্তনগর ট্রেনে হিজড়াদের উৎপাতে অতিষ্ঠ হয়ে উঠেছে যাত্রীরা। এসব হিজড়া প্রতিদিন দলবেঁধে কোনো না কোনো ট্রেনে উঠে চালান চাঁদাবাজি। এঁদের অশ্লীল অঙ্গভঙ্গি ও মারমুখী আচরণে আতঙ্কিত ও বিব্রত যাত্রীরা বাধ্য হয় চাঁদা দিতে। যাত্রীদের তত্ত্বাবধানে নিয়োজিত ট্রেনের কর্মকর্তা-কর্মচারীদের উদাসীনতায় এ ধরনের ভোগান্তির মুখে পড়তে হচ্ছে বলে যাত্রীরা অভিযোগ করেছেন।
তবে আয়ের আর উপায় না থাকায় উপার্জনের এ পথ বেছে নিতে বাধ্য হয়েছেন বলে হিজড়া সম্প্রদায়ের লোকজন জানান।
উত্তরাঞ্চলের পার্বতীপুর থেকে ঢাকা, খুলনা, রাজশাহী ও রংপুর রুটে আটটি আন্তনগর ট্রেন চলাচল করে। এগুলো হলো নীলসাগর, একতা, দ্রুতযান, বরেন্দ্র, তিতুমীর, সীমান্ত, রূপসা ও দোলনচাঁপা এক্সপ্রেস। এর মধ্যে দোলনচাঁপা বাদে সাতটি আন্তনগর ট্রেন সীমান্তবর্তী হিলি স্টেশন হয়ে নির্দিষ্ট গন্তব্যে চলাচল করে। ওই সব ট্রেনে প্রতিদিন পার্বতীপুর, রংপুর, নীলফামারী, দিনাজপুর, জয়পুরহাট অঞ্চলের হিজড়ারা দলবেঁধে উঠে পড়েন। তারপর শুরু করে গণহারে টাকাপয়সা আদায়। কেউ টাকা দিতে না চাইলে চাঁদা দাবি করা হিজড়া সম্প্রদায়ের সদস্যরা নানা বিব্রতকর পরিস্থিতি তৈরি করেন। এ অবস্থা থেকে বাঁচতে যাত্রীরা তখন চাহিদামতো টাকা দিয়ে হিজড়াদের বিদায় করতে বাধ্য হয়।
গত শনিবার বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের যাত্রী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবদুল্লাহ আল আমান জানান, তিনি রাজশাহী থেকে পার্বতীপুর আসার পথে ওই দিনই হিজড়াদের কবলে পড়েন। হিজড়া সম্প্রদায়ের এ দলটি তাঁর কাছে ১০০ টাকা দাবি করে। না দিতে চাওয়ায় তাঁর গায়ের ওপর পড়ে অশ্লীল অঙ্গভঙ্গি শুরু করে। পরে বাধ্য হয়ে ৫০ টাকা দিয়ে রেহাই মেলে। একই ট্রেনের যাত্রী সৈয়দপুরের শাহানাজ পারভীন জানান, তিনি শিশুসন্তানকে নিয়ে ট্রেনে সৈয়দপুর আসছিলেন। হিজড়ারা তাঁর কাছে টাকা দাবি করেন। না দিতে চাওয়ায় হিজড়ারা তাঁর সন্তানের গালে থাপড় মারেন। ভয় পেয়ে তিনি টাকা দিয়ে দেন।
রংপুর কারমাইকেল কলেজের ছাত্র বদরগঞ্জের রাকিব হোসেন জানান, হিজড়াদের অত্যাচারে ট্রেনে চলাচল করা মুশকিল। টাকা আদায়ে তাঁরা এমন সব আচরণ করেন যে পরিবারের সদস্যদের সামনে লজ্জায় পড়তে হয়। তাই তিনি এখন ট্রেন বাদ দিয়ে বেশির ভাগ সময় বাসেই যাতায়াত করেন।
ভুক্তভোগী যাত্রীরা অভিযোগ করেন, ট্রেনে কর্মরত রেল পুলিশসহ অন্য কর্মচারীরা যাত্রীদের সুবিধা-অসুবিধা দেখার চেয়ে বিনা টিকিটের যাত্রী ও চোরাচালানিদের কাছ থেকে ঘুষ নিতে ব্যস্ত থাকেন। তাই হিজড়া সম্প্রদায়ের হাতে যাত্রীদের হয়রানি বন্ধে তাঁরা কোনো ভূমিকা রাখতে পারছেন না।
সান্তাহারের হিজড়া সম্প্রদায়ের সদস্য হিরা (২৮) ও পান্না বাই (৩৫) নামের দুজন গতকাল মুঠোফোনে জানান, এসব করতে তাঁদেরও ভালো লাগে না। সরকার হিজড়া সম্প্রদায়ের লোকজনের কর্মসংস্থানের আশ্বাস দিলেও তা বাস্তবায়নে এখনো কোনো উদ্যোগ চোখে পড়ছে না। এদিকে সমাজ, পরিবারবঞ্চিত হয়েও তাঁদের বেঁচে থাকতে হয়। তাই আয়ের আর কোনো উপায় না পেয়ে বাধ্য হয়ে এভাবে ট্রেন যাত্রীদের কাছ থেকে টাকা তোলা হয় বলে জানান হিরা ও পান্না।
পার্বতীপুরে হিজড়াদের সেবা প্রদানকারী বেসরকারি সংস্থা লাইট হাউসের ব্যবস্থাপক শাহিনুল ইসলাম জানান, পার্বতীপুর উপজেলায় বর্তমানে ২০ থেকে ২৫ জনের মতো হিজড়া আছেন। আর দিনাজপুর, রংপুর, জয়পুরহাট, নীলফামারী মিলে এ অঞ্চলে তিন শতাধিক হিজড়া রয়েছেন বলে ওই কর্মকর্তা জানান। তবে এঁরা ভাসমান হওয়ায় প্রকৃত সংখ্যা নিরূপণ করা কঠিন। এ ছাড়া অনেকে হিজড়া পরিচয় দিয়েও ট্রেনে উঠে চাঁদাবাজি করেন।
এ ব্যাপারে রেলওয়ে সৈয়দপুর জেলা পুলিশ সুপার (এসপি) সিদ্দিকী তানজিলুর রহমান জানান, আন্তনগর ট্রেনগুলোতে হকার, ভিক্ষুক ও হিজড়াদের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে গত ৯ জুন সব রেলওয়ে থানাকে নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ অমান্য করা হলে সংশ্লিষ্ট ট্রেনের কর্তব্যরত গার্ড, টিটিই, অ্যাটেনডেন্ট ও দায়িত্বরত রেল পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।