পা ভেঙে ছেলেটিকে রাখা হয়েছিল গুদামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোর বিপ্লব সরদারকে পিটিয়ে পা ভেঙে দিয়েছেন মাদ্রাসা শিক্ষা বোর্ডের এক কর্মচারী। গত শুক্রবারের ওই ঘটনার পর গোপনে চিকিৎসা করিয়ে এনে গতকাল দুপুর পর্যন্ত তাকে আটকে রাখা হয় বোর্ডের এই গুদামঘরে  l ছবি: প্রথম আলো
কিশোর বিপ্লব সরদারকে পিটিয়ে পা ভেঙে দিয়েছেন মাদ্রাসা শিক্ষা বোর্ডের এক কর্মচারী। গত শুক্রবারের ওই ঘটনার পর গোপনে চিকিৎসা করিয়ে এনে গতকাল দুপুর পর্যন্ত তাকে আটকে রাখা হয় বোর্ডের এই গুদামঘরে l ছবি: প্রথম আলো

ছেলেটির নাম বিপ্লব সরদার। বয়স ১৪। চোখেমুখে যন্ত্রণার ছাপ। কোমরের নিচ থেকে বাঁ পায়ের গোড়ালি পর্যন্ত প্লাস্টার করা অবস্থায় ছেলেটি বসে ছিল মাদ্রাসা শিক্ষা বোর্ডের গুদামঘরের একটি বেঞ্চে। ভাঙা পা’টি টান টান করে খাতার বান্ডিলের ওপর রাখা। পাশে অন্যরা খাতা বাঁধাইয়ের কাজে ব্যস্ত। ছেলেটি এদের সঙ্গেই কাজ করত।
গতকাল সোমবার সকালে রাজধানীর বকশীবাজারে মাদ্রাসা শিক্ষা বোর্ডের গুদামঘরে গিয়ে এই দৃশ্য চোখে পড়ে। জানা গেল, শিক্ষা বোর্ডের প্রভাবশালী কর্মচারী এস এম মহিউদ্দিন চার দিন আগে ছেলেটিকে লাঠি দিয়ে পিটিয়ে পা ভেঙে দিয়েছেন।
বোর্ডের একাধিক কর্মচারী ও কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, ঘটনার পর বিপ্লবকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ঘটনাটি গোপন রাখতে পায়ে প্লাস্টারের পর বিপ্লবকে গুদামে এনে রাখা হয়।
বিপ্লব প্রথম আলোকে জানায়, তার বাবা বেঁচে নেই। বাড়ি মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার ধামাশা গ্রামে। মা আর ছোট দুই বোনের লেখাপড়ার খরচসহ পুরো সংসার চালাতে নানা জায়গায় কাজ করে। এই বছর বোর্ডের খাতা বাঁধাইয়ের কাজ পেয়েছে। অন্যদের সঙ্গে রাতে গুদামেই থাকে।
পা ভাঙল কীভাবে—জানতে চাইলে ভয়ার্ত কণ্ঠে বিপ্লব বলে, ‘প্রতিদিনের মতো শুক্রবারও কাজ করছিলাম। দুপুরের পর আমি আর রাশেদ (আরেক কিশোর কর্মচারী) গোডাউনের সামনের মাঠে গল্প করছিলাম। একটু পর স্যারের (এস এম মহিউদ্দিন) বড় ছেলে এসে আমাকে ডাক দেয়। এরপর তাঁর বাবা এসে আমাকে লাঠি দিয়ে পেটায়। আঘাতের চোটে আমি পড়ে যাই।’
তোমাকে মারল কেন? বিপ্লবের উত্তর, ‘সেটা তো আমিও জানি না। কিন্তু আমাকে যখন মারছে তখন বলছে আমি নাকি স্যারের বাসার দিকে তাকিয়ে ছিলাম। কিন্তু আমি তাকাই নাই।’ বিপ্লব বলে, ‘মা শুনলে পাগল হইয়া যাইবো। বাড়ির কাউরেই জানাই নাই।’
ঘটনার প্রত্যক্ষদর্শী কিশোর মোহাম্মদ রাশেদ বলে, ‘সেদিন পরীক্ষার খাতা নেওয়ার জন্য অনেক বাস আসছিল। মানিকগঞ্জেরও একটা বাস ছিল। বিপ্লব সেই বাসটা দেখাইয়া কইলো এইটা মানিকগঞ্জ যায়। এরপর স্যারের বড় ছেলে এসে বিপ্লবরে নিয়ে যায়। স্যার গুদামে এসে সবাইকে হুমকি দিয়ে বলে, “আমি কিন্তু চোখ তোলা লোক। সবাই আমারে ভয় পায়। কেউ আমার বাসার দিকে তাকালে চোখ তুলে ফেলব।’”
বিপ্লবের ভাঙা পায়ের পাশে বসেই খাতা বাঁধাই করছিলেন মিজানুর রহমান। মিজানুর বলেন, ‘আমি ৩০ টাকা দিয়ে বিপ্লবরে পাঠাইছিলাম মোবাইলে ফ্লেক্সি করার জন্য। কিছুক্ষণ পর দেখি ও আর হাঁটতে পারছে না। এরপর শুনি ওকে নাকি পিটাইছে। এভাবে মানুষ মানুষকে পেটায়?’
এসব কর্মচারী ও একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেল, মহিউদ্দিন মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরিদর্শন শাখার উচ্চমান সহকারী ও কর্মচারীদের সংগঠন সিবিএর সাংগঠনিক সম্পাদক। এখানকার সিবিএ নেতাদের দাপট অনেক। একাধিক নেতা কোটিপতি। এঁদের কাছে বোর্ড জিম্মি।
ছেলেটিকে পেটানোর বিষয়ে জানতে গতকাল দুপুর ১২টায় এস এম মহিউদ্দিনের টেবিলে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কোনো কথা বলতে রাজি হননি।
প্রথম আলোর এই প্রতিনিধি ঘুরে আসার পর দুপুরে ছেলেটিকে ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। ট্রমা সেন্টারের সংশ্লিষ্ট চিকিৎসক জানিয়েছেন, ছেলেটির আঘাত গুরুতর। সুস্থ হতে সময় লাগবে।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছায়েফ উল্লাহ প্রথম আলোকে বলেন, ‘ছেলেটির চিকিৎসার জন্য যা যা করা দরকার করা হবে।’ মহিউদ্দিনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, জানতে চাইলে তিনি বলেন, গতকালই তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। ঘটনা তদন্তে কমিটিও করা হয়েছে।