পা ভেঙে দেওয়া সেই যুবকের মায়ের ওপর হামলা
রাজধানীর মিরপুর থানার পশ্চিম শেওড়াপাড়ায় চাচাতো বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় পা ভেঙে দেওয়া সেই যুবকের মায়ের ওপর দুই দফায় হামলা চালিয়েছে বখাটেরা।
আজ রোববার কারাগারে থাকা বখাটে ফাহিমের সহযোগীরা সেই আহত যুবকের মায়ের গলায় অস্ত্র ঠেকিয়ে ভ্যানিটি ব্যাগ থেকে ১৭ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গত ২৯ আগস্ট আদালতপাড়া থেকে ফেরার পথে শাহবাগ এলাকায় ফাহিমের সহযোগীরা এই নারীর ওপর হামলা চালায়। পরে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) নিয়ে পুলিশি প্রহরায় তাঁকে বাসায় পৌঁছে দেন।
আহত যুবকের মা প্রথম আলোর কাছে অভিযোগ করেন, আজকের হামলার ঘটনা পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার ও মামলার তদন্তকারী কর্মকর্তাকে তাৎক্ষণিক ফোনে জানানো হয়েছে এবং মিরপুর থানায়ও গিয়েছিলেন। হামলাকারীদের বিচার চাইতে গিয়ে তিনি বখাটেদের একের পর এক হামলা ও হুমকি-ধমকির শিকার হচ্ছেন। এসব ঘটনার প্রতিকার পেতে তিনি থানায় তিনটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। কিন্তু পুলিশ বখাটেদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না।
এ ব্যাপারে জানতে চাইলে পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার মাসদু আহাম্মদ আজকের হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, হুমকিদাতাদের গ্রেপ্তারের জন্য আদালতে আবেদন করা হয়েছে।
আজকের হামলার ঘটনায় মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, ওই যুবকের মা ছিনতাইয়ের মামলা করতে চাইলে মামলা নেওয়া হবে।
গত ৪ আগস্ট চাচার বাসায় পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে ওই তরুণী (চাচাতো বোন) বাসে করে পশ্চিম শেওড়াপাড়ার শামীম সরণিতে এসে নামেন। তাঁকে আনতে যান তাঁর চাচাতো ভাই। এ সময় বখাটেরা তাঁর বোনকে উত্ত্যক্ত করলে তিনি প্রতিবাদ করেন। পরে বখাটে ফাহিমের নেতৃত্বে তিনজন ছুরিকাঘাত করে ও রড দিয়ে পিটিয়ে ওই যুবকের ডান পা ভেঙে দেয়। এ ঘটনায় ফাহিমসহ তিনজনের বিরুদ্ধে মামলা করা হয়।
গতকাল ছাত্রটির মা প্রথম আলোকে বলেন, আজ সকাল পৌনে ১০টার দিকে তিনি তাঁর ছেলের পা ভেঙে ফেলার মামলায় বখাটে ফাহিম জামিনের আবেদন করেছে—এ খবর শুনে তিনি পুরান ঢাকার আদালতে যাচ্ছিলেন। এ সময় শামীম সরণির পেছনের গলি পশ্চিম শেওড়াপাড়ায় বখাটে ফাহিমের (কারাগারে আটক) সহযোগী সিয়াম, রুবেল ও শাহাদাত মোটরসাইকেলে এসে তাঁর পথ আটকায়। ফাহিমের বিরুদ্ধে করা মামলা তুলে নিতে তারা গলায় ছুরি ঠেকান। এ সময় তারা জোর করে একটি সাদা কাগজে তাঁর সই নিয়ে তার ভ্যানিটি ব্যাগ থেকে ১৭ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।
যুবকের মা আরও অভিযোগ করেন, তাঁর ছেলের ওপর হামলাকারী সিয়াম ও শাহাদত প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাদের গ্রেপ্তার করছে না।
মামলার তদন্তকারী কর্মকর্তা মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) নুরুজ্জামান প্রথম আলোকে বলেন, হামলাকারীদের খুঁজে পাওয়া যাচ্ছে না।
গত ৫ আগস্ট পশ্চিম শেওড়াপাড়া বৌবাজারের কাছে শাহাদতের নেতৃত্বে কয়েকজন ওই যুবকের মাকে বহনকারী সিএনজিচালিত অটোরিকশার ওপর হামলা চালায় এবং প্রাণনাশেরও হুমকি দেয়।