চট্টগ্রামের রাউজানে ‘বন্দুকযুদ্ধে’ গুলিবিদ্ধ কামরুল হাছান ওরফে টিটুর ডান পা অস্ত্রোপচার করে কেটে ফেলেছেন চিকিৎসকেরা। ডান পায়ে পচন ধরায় গত বৃহস্পতিবার তাঁর পা কেটে ফেলা ছাড়া উপায় ছিল না বলে চিকিৎসকেরা জানিয়েছেন।
পুলিশের দাবি, কামরুল তালিকাভুক্ত সন্ত্রাসী। গত ৯ ফেব্রুয়ারি রাতে অস্ত্র উদ্ধারে গেলে তাঁর সহযোগীদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধ হয়। এতে কামরুল গুলিবিদ্ধ হন। পুলিশ তাঁকে গুলি করেনি। তাঁর বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অস্ত্রসহ ১৫টি মামলা রয়েছে।
কামরুল বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন। হাসপাতালের অর্থোপেডিক বিভাগের সহকারী রেজিস্ট্রার রাজীব বড়ুয়া জানান, কামরুলকে ডান ও বাম পায়ে গুলিবিদ্ধ অবস্থায় ভর্তি করা হয়। তাঁর ডান পায়ে রক্ত চলাচল বন্ধ এবং পচন ধরে যাওয়ায় পা কেটে ফেলতে হয়েছে।
কামরুলের স্ত্রী পারভীন আক্তার গত শুক্রবার প্রথম আলোকে জানান, তাঁর স্বামী বিএনপির সমর্থক হলেও চার বছর ধরে কোনো মিছিল-মিটিংয়ে যান না। চাষাবাদ করে সংসার চালান।
পারভীন বলেন, ‘আমার স্বামীর নামে মামলা থাকলে আইনে তাঁর বিচার হবে। অপরাধ প্রমাণ হলে জেল-ফাঁসি হবে। কিন্তু জলজ্যান্ত একজন মানুষকে গুলি করে পুলিশ পঙ্গু করে দিবে।’ তিনি জানান, ঋণ নিয়ে স্বামীর চিকিৎসার খরচ জোগাচ্ছেন। স্বামী সুস্থ হয়ে উঠলে বিচার চেয়ে আদালতে মামলা করবেন।
ঘটনার বর্ণনা দিয়ে হাসপাতালে চিকিৎসাধীন কামরুল হাছান দাবি করেন, ৯ ফেব্রুয়ারি সকালে তাঁর বড় মেয়ে রেশমী আক্তারের শ্বশুরবাড়ি বোয়ালখালীর চরণদ্বীপ এলাকায় যান। দুপুরে সেখানে পুলিশ গিয়ে তাঁকে ধরে ফেলে। ওই দিন তাঁকে রাউজান নোয়াপাড়া পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়। রাত দুইটার দিকে তাঁর চোখ বেঁধে ফেলে পুলিশ। পরানো হয় হাতকড়া। গাড়িতে করে তাঁকে চাদারা বিলে নিয়ে যাওয়া হয়। প্রথমে তাঁর বাঁ পায়ে পরে ডান পায়ে একটি করে গুলি করে পুলিশ। তিনি মাটিতে লুটিয়ে পড়লে বাঁ ও ডান পায়ে আরও দুটি করে গুলি করা হয়।
তবে অভিযোগ অস্বীকার করে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ বলেন, হত্যা ও ডাকাতি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকায় কামরুলকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ অস্ত্র উদ্ধারে যায়। এ সময় তাঁর সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে ছয় থেকে সাতটি গুলি ছোড়ে। পুলিশও পাল্টা চারটি গুলি ছোড়ে। পাল্টাপাল্টি গুলিতে কামরুল গুলিবিদ্ধ হন। পুলিশ তাঁকে গুলি করেনি। গুলিতে শহীদুল ইসলাম ও রবিউল ইসলাম নামের পুলিশের দুই কনস্টেবল আহত হন। কামরুলের সহযোগীরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র, তিনটি পেট্রলবোমা ও দুটি গুলি উদ্ধার করা হয়।